বামমোর্চার রোডমার্চে লাঠিপেটা মাগুরায়ও
মানিকগঞ্জের পর মাগুরায়ও পুলিশের লাঠিপেটার শিকার হয়েছেন সুন্দরবনমুখে রোডমার্চে থাকা গণতান্ত্রিক বামমোর্চার নেতা-কর্মীরা। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
সুন্দরবন সংলগ্ন রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে শুক্রবার ঢাকা থেকে গাড়ি নিয়ে যাত্রা শুরুর পর মানিকগঞ্জে পথসভায় পুলিশি লাঠিপেটার শিকার হয়েছিল।
শনিবার বেলা সাড়ে ১১টা মাগুরা শহরের কাঁচাবাজার এলাকায় মিছিলের সময় পুলিশ তাদের বাধা দেয়।
এতে বামপন্থি এই জোটের সমন্বয়কারী সাইফুল হকও আহত হন। তাকে মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মাগুরা শহরের ঢাকা রোডে পৌঁছার পর সাইফুল হক, গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, মোশারফ হোসেন নান্নুর নেতৃত্বে মিছিল নিয়ে শহরের ভায়না মোড়ের দিকে রওনা হয় রোড মার্চকারীরা।
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে মাগুরায় গণতান্ত্রিক বামমোর্চার মিছিল
পুলিশের লাঠিপেটায় আহত গণতান্ত্রিক বামমোর্চার সমন্বয়কারী সাইফুল হককে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের সম্পদ সুন্দরবন রক্ষায় আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। আমাকে পুলিশ রাইফেলের বাট দিয়ে পিটিয়েছে। আরও চার কর্মী আহত হয়েছেন।”
মাগুরা সদর থানা ওসি আছাদুজ্জামান মুন্সি সাংবাদিকদের বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় পুলিশ মিছিল সমাবেশে বাধা দিয়েছে।
পরে বেলা সোয়া ১২টার দিকে রোড মার্চটি ঝিনাইদহের উদ্দেশে রওনা হয়।
দুপুরে রোডমার্চ ঝিনাইদহ শহরে প্রবেশ করলেও নেতাকর্মীদের গাড়ি থেকে নামতে দেয়নি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা থেকে গাড়ি বহর ঝিনাইদহ পৌর টার্মিনালে পৌঁছলে পুলিশ তাদের নামতে বাঁধা দেয় এবং যশোর অভিমুখে তাদের পাঠিয়ে দেয়।নামতে না পেরে গাড়ির ভেতর থেকেই নেতাকর্মীরা শ্লোগান দিতে থাকেন।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল বলেন, পুলিশ গাড়ি বহর ঝিনাইদহ জেলার সীমানা পার করে দিয়েছে।
রোববার রামপালে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে বামমোর্চার এই কর্মসূচি।
