কূটনীতিকদের সম্মানে মঈন খানের বাড়িতে নৈশভোজ
কোরবানির ঈদের দিন রকমারি খাবার দিয়ে কূটনীতিকদের আপ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
গুলশান-২ নম্বর এলাকায় নিজেদের বাসায় তাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন মঈন খান ও তার স্ত্রী অ্যাডভোকেট রুখসানা খন্দকার।
নৈশভোজে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট, রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার নিকোলায়েভ, যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন, চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং, ভুটানের রাষ্ট্রদূত পেমা চোদেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদনসহ ১৮টি দেশের কূটনীতিকরা অংশ নেন।
খাবারের মেনুতে ছিল- ইলিশ পোলাও, গরুর রেজালা, মোরগের রোস্ট, চিংড়ির ফ্রাই, সবজি; ছিল মহিষের দুধের পায়েস, কাস্টার্ড, মিষ্টি, ফলমূল, পেস্ট্রি, কফি ও কোমল পানীয়।
প্রতিবার ঈদের নামাজের পর কূটনীতিকদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের শুভেচ্ছা বিনিময় করলেও এবার লন্ডন সফরে থাকায় মঈন খান এই দায়িত্ব পালন করেন।
