সমাজে ‘বিশৃঙ্খলা’ দেখছেন এরশাদ
সমাজে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টি হয়েছে মন্তব্য করে ‘শান্তি’ ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
শুক্রবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, “সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা দূর করতে হবে। সমাজে শান্তি ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
“আমরা যেন হৃদয়হীন না হই, সহানুভূতিশীল হই। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের দেশকে রক্ষা করেন।”
মক্কায় হজ পালনের সময় পদপিষ্টে নিহতের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে এরশাদ বলেন, “আল্লাহ যেন নিহত হাজিদের হজকে কবুল করেন এবং তাদের বেহেশত নসিব করেন।”
হজের আনুষ্ঠানিকতার মধ্যে বৃহস্পতিবার সকালে সৌদি আরবের মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের ঘটনায় ৭১৭ জন নিহত ও আরও অন্তত ৮৬৩ জন আহত হন, যাদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন বলে জানা গেছে।
কালেক্টরেট মাঠে বিভাগীয় শহরের প্রধান ঈদ জামাতে এরশাদ ছাড়াও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জি এম কাদের, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, রংপুর সিটি করপোরেশন মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু এবং জেলা পরিষদ প্রশাসক জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদসহ বিভিন্ন রাজনেতিক ও সামাজিক সংগঠনের নেতারা নামাজ আদায় করেন।
নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
