ক্ষোভ বিক্ষোভে রূপ নিতে পারে, প্রধানমন্ত্রীকে সতর্ক করে স্মারকলিপি
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি, বাজারে সরকারি চাকুরেদের বেতন বৃদ্ধির প্রভাব এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মূল্যে জনগণের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বলে মনে করছে ওয়ার্কার্স পার্টি।
জনগণের ক্ষোভ থেকে যে কোনো সময় বিক্ষোভ হতে পারে বলে প্রধানমন্ত্রীকে সতর্ক করেছে সরকারের এই শরিক দলটি।
মঙ্গলবার সরকার প্রধানকে দেওয়া এক স্মারকলিপিতে গ্যাস-বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে তারা।
স্মারকলিপি দেওয়ার খবর জানিয়ে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সদস্য মুর্শিদা আখতার নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারকে ‘সঠিক পরামর্শ’ দিতেই এই স্মারকলিপি দেওয়া হয়েছে।
এতে বলা হয়, “সরকার সম্প্রতি গ্যাস-বিদ্যুৎ-সিএনজির মূল্য বৃদ্ধি করেছে। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ব্যাপকহারে হ্রাস পেলেও বাংলাদেশে তেলের মূল্য হ্রাস হয়নি, যার প্রভাব জাতীয় অর্থনীতির ওপর পড়েছে। সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দ্বিগুন বৃদ্ধি পেয়েছে। বাজারে তার প্রভাব পড়তে শুরু করেছে। বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।”
এসব কারণে জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে মন্তব্য করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “যে কোনো সময় এই ক্ষোভ বিক্ষোভে রূপ নিতে পারে, যা শিক্ষার্থীদের আন্দোলনে লক্ষ্য করা গেছে।”
সাধারণ মানুষের অসন্তোষের জন্য দু’/একজন মন্ত্রীর দায় দেখছে ওয়ার্কার্স পার্টি। তবে কারও কারও নাম উল্লেখ করেনি তারা।
“আমরা জানি সরকার পরিচালনা একটি চ্যালেঞ্জিং কাজ। সরকারের প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার সঙ্গে সেই দায়িত্ব পালন করে আসছেন। দু’একজন মন্ত্রীর জনস্বার্থবিরোধী পদক্ষেপে সরকারের সাফল্য ম্লান হতে পারে না,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
স্মারকলিপি দেওয়ার আগে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে একটি সমাবেশ করেন ওয়ার্কাস পার্টির নেতারা। অন্যদের মধ্যে পার্টির পলিটব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন এতে বক্তব্য দেন।
