পরিবহন ভাড়া বাড়ানোর প্রতিবাদ বিএনপির
সিএনজির দাম পুনর্নির্ধারণের পরে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
সরকারি ঘোষণা আসার পর বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, “গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সময়ে আমরা আশঙ্কা প্রকাশ করে বলেছিলাম, আল্টিমেটলি গণপরিবহনের ওপরে এর প্রভাব পড়বে, পরিবহনের ভাড়া বাড়বে। এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে দেখে মনে হচ্ছে, এটা জনস্বার্থে নয়।
নগর পরিবহনের বাস, মিনিবাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ভাড়াও বাড়ানো হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও গণপরিবহনের ভাড়া বাড়ানোর সমালোচনা করেন।
“একমাত্র মানুষের দাম ছাড়া সব কিছুর দাম বাড়ে।”
পরিবহনের ভাড়া বেড়ে যাওয়ায় তার প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপি নেতা।
