২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা মিনু হাসপাতালে

বুকে ব্যথা অনুভব করায় কারাবন্দি বিএনপি নেতা মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 02:18 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

Image
মিজানুর রহমান মিনু (ফাইল ছবি)

মিজানুর রহমান মিনু (ফাইল ছবি)

চিকিৎসকরা জানিয়েছেন, বুধবার বেলা ১১টার দিকে রাজশাহীর সাবেক এই মেয়রকে হাসপাতালে আনা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের চিকিৎসক ডা. আবদুল খালেক বলেন, “মিজানুর রহমান মিনুর অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় তাকে আইসিইউতে পাঠানো হয়েছে। সেখানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

নাশকতার আধা ডজন মামলার আসামি বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর শাখার সভাপতি মিনু রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

দাঁতের চিকিৎসার জন্য তাকে সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে হাসপাতালের বহির্বিভাগে নেওয়ার পর সেখানে চিকিৎসা চলার মধ্যেই মিনু বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন বলে রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান জানান।

এরপর মিনুকে হৃদরোগ বিভাগে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে পাঠান।

গত ১৩ জুলাই নাশকতার সাতটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন মিজানুর রহমান মিনু। উচ্চ আদালত থেকে আগে একটি মামলার জামিন পাওয়ায় ওই মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করে রাজশাহীর আদালত।

বাকি ছয় মামলার তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।