মুক্তিযুদ্ধ জাদুঘরের স্মারক ইট কিনলেন সৈয়দ আশরাফ
দশ হাজার টাকায় একটি প্রতীকী ইট কিনে নবনির্মিত মুক্তযুদ্ধ জাদুঘরের অংশীদার হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
রোববার সন্ধ্যায় জাদুঘরের কর্মকর্তারা জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফের সরকারি বাড়িতে গিয়ে ইটটি তার হাতে তুলে দেন।
এসময় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য সারওয়ার আলী ও জিয়া উদ্দিন তারেক আলী উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিলও সেখানে উপস্থিত ছিলেন। তিনিও ১০ হাজার টাকা মূল্যের একটি স্মারক ইট কিনেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থায়ী ভবনের নির্মাণ ব্যয়ের জন্য অর্থ সংগ্রহ করতে তিনমাস ব্যাপী প্রচারাভিযান শুরু করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ।
স্থায়ী জাদুঘর কমপ্লেক্স নির্মাণের জন্য প্রায় ১০২ কোটি টাকা ব্যয় ধরেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে সরকারের বাজেট বরাদ্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছ থেকে ৮০ কোটি টাকা অনুদান পাওয়া গেছে।
