তারেকের বিরুদ্ধে চার্জশিট: ছাত্রদল-যুবদলের কর্মসূচি
নাশকতার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে পুলিশের অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা দিয়েছে বিএনপির দুই সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদল।
বুধবার জেলা ও মহানগরে জাতীয়তাবাদী যুব দল এবং বৃহস্পতিবার জেলা-মহানগর ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল বিক্ষোভ সমাবেশ করবে।
যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব এবং ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান আলাদা বিবৃতিতে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ পত্র দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, যিনি দেশেই নেই, গাড়ি পোড়ানোর মামলায় কি করে তার সংশ্লিষ্টতা খুঁজে পায় অবৈধ এই সরকারের আজ্ঞাবহ পুলিশ। আসলে পুলিশ তা-ই করে যা এই সরকার চায়।
তারেক রহমানসহ দল ও সহযোগী সংগঠনের নেতাদের নামে জমা দেওয়া অভিযোগপত্র প্রত্যাহারের দাবি জানান তারা।
চলতি বছরের শুরুতে গাজীপুরের জয়দেবপুরে গাড়িতে আগুন দেওয়ার এক মামলায় তারেকসহ ৩২ জনকে আসামি মঙ্গলবার গাজীপুরের আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই এনামুল হক।
আসামিদের মধ্যে তারেকের ব্যক্তিগত সহকারী লুৎফর রহমান বাদল ও গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র এমএ মান্নানের ছেলে মঞ্জুরুল আহসান রনিও রয়েছেন।
অভিযোগপত্রে তাদের তিনজনকে ‘নাশকতার পরিকল্পনাকারী ও নির্দেশদাতা’ বলা হয়েছে।
