আয়ের চেয়ে ব্যয় বেশি বিএনপির
নির্বাচন কমিশনে জমা দেওয়া আর্থিক বিবরণীতে ২০১৪ সালে আয়ের চেয়ে বেশি ব্যয় দেখিয়েছে বিএনপি।
দলটি বলছে, ওই সময় তাদের ব্যয় হয়েছে সাড়ে তিন কোটি টাকা, যেখানে আয় ছিল দুই কোটি ৮৭ লাখ টাকার বেশি। এ হিসেবে তাদের ঘাটতির পরিমাণ ৬৫ লাখ টাকা।
সোমবার নির্বাচন কমিশনে বার্ষিক আর্থিক লেনদেনের প্রতিবেদন জমা দেয় বিএনপি।
ইতোমধ্যে আওয়ামী লীগ-বিএনপিসহ কিছু দলের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত দলের অডিট রিপোর্ট জমা দেওয়ার সময় বাড়িয়েছে ইসি।
রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালা অনুযায়ী প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের অডিট রিপোর্ট জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির চার সদস্য ইসি সচিব মো. সিরাজুল ইসলামের কাছে দলের পক্ষে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়।
পরে প্রতিনিধি দলের সদস্য একেএম আমিনুল হক সাংবাদিকদের জানান, ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০১৪ পর্যন্ত দলের মোট আয় হয়েছে দুই কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৫৭৪ টাকা এবং ব্যয় হয়েছে তিন কোটি ৫৩ লাখ তিন হাজার ৫৯০ টাকা।
“ওই সময়ের ঘাটতি ৬৫ লাখ ৫৫ হাজার ১৬ টাকা আগের উদ্বৃত্ত থেকে মেটানো হয়েছে।”
প্রতিনিধি দলের অন্যরা হলেন- বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহীন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম এবং বিএনপির একাউন্স অ্যান্ড অডিট কর্মকর্তা ওমর ফারুক।
আসাদুল করীম শাহীন জানান, শুভানুধ্যায়ীদের অনুদান, সদস্যদের মাসিক চাঁদা, সদস্য ফরম বিক্রি তাদের আয়ের প্রধান উৎস। আর ব্যয়ের খাতের উল্লেখযোগ্য হচ্ছে- যাতায়াত, কর্মকর্তাদের বেতন ভাতা, ইফতার মাহফিল, অফিস খরচ ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন।
২০১৩ সালে বিএনপি তাদের বার্ষিক আর্থিক প্রতিবেদনে জানায়, ৭৬ লাখ ৫ হাজার ৭৬২ টাকা আয়ের বিপরীতে ব্যয় হয়েছে ২ কোটি ২৭ লাখ ২৫ হাজার ৩২৬ টাকা।
আগের উদ্বৃত্ত থেকে ঘাটতি পূরণের কথা সেসময়ও বলা হয়েছিল।
২০০৮ সালে নির্বাচন কমিশনে নিবন্ধন চালু হওয়ার পর আইনি বাধ্যবাধকতায় প্রতিবছর আর্থিক লেনদেনের প্রতিবেদন দিয়ে আসছে দলগুলো।
