২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক প্রতিবেদন ফের দিতে হবে জাপাসহ ২২ দলকে

বার্ষিক লেনদেনের হিসাব যথাযথ নিয়ম মেনে না দেওয়ায় তা শুধরে ৩১ অগাস্টের মধ্যে পুনরায় দিতে জাতীয় পার্টিসহ ২২টি দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 11:21 PM

Updated : 25 Apr 2022, 01:43 PM

বৃহস্পতিবার ইসির সহকারী সচিব রৌশন আরা এসব রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক বা মহাসচিব বরাবর এ চিঠি দেন।

সংসদে প্রধান বিরোধী দল ছাড়াও জাতীয় পার্টি (জেপি), সিপিবি, জাসদ, ওয়ার্কার্স পার্টি এই তালিকায় রয়েছে।

ইসি কর্মকর্তা রৌশন আরা সাংবাদিকদের বলেন, নিবন্ধিত ৪০টি দলের মধ্যে ১০টি দল অডিট রিপোর্ট জমা দেওয়ার জন্যে ৩১ অগাস্ট পর্যদন্ত সময় চেয়েছে, তাদের আবেদন গৃহীত হয়েছে। বাকি যে দলগুলো জমা দিয়েছে, তার মধ্যে আটটি দলের হিসাব যথাযথ নিয়ম মেনে হয়েছে।

“২২টি দলের মধ্যে ৭টি নির্ধারিত ছকে প্রতিবেদন দেয়নি এবং ১৫টি দলের অডিট ফার্মের স্বাক্ষর, সিলমোহর বা দলের সম্পাদকের স্বাক্ষর পড়েনি। সেজন্যে তাদের যথাযথভাবে তা জমা দেওয়ার জন্য বলা হয়েছে।”

অন্য দলগুলো হচ্ছে- প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি), খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী ফ্রন্ট, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ তরীকত ফেডারেশন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী পার্টি-ন্যাপ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, সাম্যবাদী দল-এমএল, জাকের পার্টি ও বাংলাদেশ বিল্পবী ওয়ার্কার্স পার্টি ।

রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী, প্রত্যেক নিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে  সংশ্লিষ্ট অর্থবছরের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট জমা দিতে হয়।

এক্ষেত্রে একটি রেজিস্টার্ড চাটার্ড ফার্ম দিয়ে অডিট করতে হবে। প্রতিবেদনে  অডিট কোম্পানী এবং দলের উপযুক্ত কর্তৃপক্ষের স্বাক্ষর বা সিলমোহর থাকতে হবে।

পুরনো খবর:

আয়-ব্যয়ের হিসাব দিয়েছে ২২ দল