২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মামলায় রিজভীর জামিন

মতিঝিল থানার দুই নাশকতার মামলায় বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 03:51 PM

Updated : 25 Apr 2022, 01:46 PM

রিজভীর জামিন আবেদন শুনে বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও আশীষ রঞ্জন দাসের বেঞ্চ রোববার রুলসহ এই আদেশ দেয়।

আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল হাই।

আদেশের পরে লিওন বলেন, “১৯টি মামলায় রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এ দুটিসহ সবগুলো মামলাতেই হাই কোর্ট তাকে জামিন দিয়েছে। তবে এর মধ্যে দুটি মামলায় আপিল বিভাগে জামিন স্থগিত আছে। ফলে তিনি মুক্তি পাচ্ছেন না।”

বিএনপির লাগাতার অবরোধের মধ্যে গত ৩১ জানুয়ারি ভোররাতে গ্রেপ্তারের পর রিজভীকে নাশকতার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।  

আদালতের নির্দেশে শনিবার তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে কারা কর্তৃপক্ষ।