২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন চান, তখন করেননি কেন: নজরুলকে হানিফ

বিএনপি আমলে একুশে অগাস্টের গ্রেনেড হামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার পর এখন ন্যায়বিচার চাওয়ায় নজরুল ইসলামকে কটাক্ষ করেছেন আওয়ামী লীগ নেতা মাহাবুব আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 02:32 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

একুশে অগাস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ১১ বছর পূর্তিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম শুক্রবার বলেন, তারা ন্যায়বিচার চান।     

এর জবাবে শনিবার জাতীয় প্রেস ক্লাবে কৃষক লীগের এক আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, “আজ যখন তদন্তে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় জড়িত হিসেবে উঠে এসেছে বিএনপির লোকের নাম। তখন বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলছেন- ‘সঠিক তদন্ত চাই’।

“ভালো কথা বলেছেন নজরুল ইসলাম সাহেব, তখন আপনারা কোথায় ছিলেন? হামলাকারীদের পালিয়ে যেতে সহায়তা করেছেন। জজমিয়ার নাটক সজিয়েছিলেন। তখন কি তদন্তের কথা ভুলে গিয়েছিলেন? নাকি তদন্ত সঠিক হয়নি?”

২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকার আমলে গ্রেনেড হামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার পর এখন এই মামলায় আসামি হিসেবে বিচারের ‍মুখোমুখি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সমাজকল্যাণমন্ত্রী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ তখনকার তদন্ত কর্মকর্তারা।

তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানও এই মামলার আসামি। গ্রেনেড হামলার বছর পূর্তির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়াও ওই হামলায় জড়িত ছিলেন।

Image
মাহাবুব-উল আলম হানিফ (ফাইল ছবি)

মাহাবুব-উল আলম হানিফ (ফাইল ছবি)

হানিফ বলেন, “আওয়ামী লীগ ন্যায়বিচারের বিশ্বাসী। এ কারণেই এই মামলার বিচার শুরু হয়েছে। এ মামলা থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। সঠিক তদন্তের মাধ্যমে এই মামলার সুষ্ঠু বিচার হবেই।”

১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ওই আলোচনা সভায় হানিফ পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্যও খালেদা জিয়ার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দায়ী করেন। 

মুক্তিযুদ্ধের সময় জিয়া ‘পাকিস্তানের এজেন্ট’ হিসেবে কাজ করেছেন বলেও দাবি করেন তিনি।

“একজন মুক্তিযোদ্ধা ৭৫-এর খুনিদের রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে পারেন না। শাহ আজিজুরর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। আব্দুল আলিমকে রেলমন্ত্রী বানালেন। কোন চেতনায় তিনি এ কাজটি করলেন? এরপরও কি প্রমাণ হয় না, জিয়া পাকিন্তানের এজেন্ট ছিলেন?”

পুরনো খবর:

২১ অগাস্টের ‘সঠিক তদন্ত’ চায় বিএনপি
খালেদা ‘জড়িত’ ছিলেন, ‘সন্দেহ নেই’ হাসিনার