২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ‘জড়িত’ ছিলেন, ‘সন্দেহ নেই’ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এগার বছর আগে তাকে হত্যার জন্য গ্রেনেড হামলার পেছনে বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান যে জড়িত ছিলেন, সে বিষয়ে তার কোনো ‘সন্দেহ নেই’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2015, 05:46 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

পুরনো খবর:

‘নেত্রী বেঁচে থাকায়’ স্প্লিন্টারের যন্ত্রণা ভোলেন তারা
‘১৯ বার ব্যর্থতার পরও হাসিনার শত্রুরা সক্রিয়’
হাসিনাকে হত্যাচেষ্টার ৫ মামলা ঝুলছে বহু দিন
২১ অগাস্ট মামলা: দ্রুত বিচারেই ৭ বছর পার

ওই হামলায় নিহতদের স্মরণে শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে নির্মিত অস্থায়ী বেদীতে শ্রদ্ধা জানানোর পর এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “১৫ অগাস্টের ঘটনার সাথে জিয়া যেমন জড়িত ছিল, ২১ অগাস্টের ঘটনার সাথে খালেদা জিয়া ও তার ছেলে জড়িত- তাতে কোনো সন্দেহ নেই।

“মানুষ খুন করাই তাদের চরিত্র। মানুষের ভালো চায় না, এটা আজ স্পষ্ট,” বলেন হাসিনা।

বিএনপি-জামায়াত জোট সরকার সময়ে ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় ওই হামলায় ২৪ জন নিহত হন। তখনকার বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার শ্রবণেন্দ্রীয়ও হামলায় ক্ষতিগ্রস্ত হয়।

সেদিনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা সন্ত্রাসবিরোধী র্যা লি করতে গিয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হই। যে গ্রেনেড যুদ্ধে ব্যবহার হয়, সেই গ্রেনেড আমাদের সভায় ছুড়ে মেরে হত্যা করা হয়।”

সেই হামলায় কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। গ্রেনেডের স্প্লিন্টারবিদ্ধ হয়ে পঙ্গু হন অনেকে। বিভিন্নভাবে আহত হন বহু ব্যক্তি, যাদের অনেকেরই স্বাভাবিক জীবনে ফেরা হয়নি।

আইভী রহমানসহ নিহতদের স্মরণ করে শেখ হাসিনা বলেন, “কয়েকশ নেতাকর্মী আহত হয়। আমার সামনে অনেকে রয়েছে, আমার সাথে অনেকে আছে, যারা এখনো সেই স্প্লিন্টার নিয়ে চলছে।”

ওই গ্রেনেড হামলায় স্প্লিন্টারবিদ্ধ হয়েছিলেন ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের তখনকার সভাপতি মোহাম্মদ হানিফ।

স্প্লিন্টারবিদ্ধ অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসা না পেয়েই তার মৃত্যু হয়; সে কথাও স্মরণ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “হানিফ ভাইয়ের মাথায় স্প্লিন্টার এসে পড়ছিল। রক্ত আমার গায়ে এসে পড়ল। একটা পর্যায়ে চশমা হারিয়ে গেল। আমি দূরে কিছু দেখতে পারছিলাম না। আমি যখন গাড়িতে উঠতে গেলাম, তখন আবার গ্রেনেড হামলা।”

আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনাসহ সবাইকে শুকনো আদা খাওয়ানোর জন্য মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা রফিকুল ইসলাম নেতাকর্মীদের কাছে পরিচিত ছিলেন ‘আদা চাচা’ নামে। তিনিও সেদিন ঘটনাস্থলেই নিহত হন।

আলোচনা সভায় ‘আদা চাচা’কেও স্মরণ করেন প্রধানমন্ত্রী।

বিকেল সাড়ে ৪টার পর আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শহীদ বেদীতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে দলের পক্ষ থেকে নেতাদের নিয়ে আবারও ফুল দেন।

শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সবাই মোনাজাতে অংশ নেন।

সেদিনের সেই সমাবেশস্থলেই আয়োজন করা হয় আলোচনাসভার। সেদিন যে বুলেটপ্রুফ গাড়িতে করে শেখ হাসিনা বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন, শুক্রবারও সেই গাড়িতে করেই তিনি শোকবেদীতে পৌঁছান।  

শেখ হাসিনা বলেন, “তখন বিএনপি ক্ষমতায়। আলামত রক্ষা করা তো দূরের কথা, আলামত নষ্ট করে। সিটি করপোরেশনের গাড়ি এনে আলামত দ্রুত নষ্ট করে।... দুটো গ্রেনেড বিস্ফোরিত হয়নি, সেগুলো সংরক্ষণ না করে নষ্ট করে দেয়।”

শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপির মদদে ওই হামলা চালানো হয় বলে আওয়ামী লীগ অভিযোগ করে আসছে। আর বিএনপি-জামায়াত জোট সরকার আমলে এ হামলার তদন্ত যে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হয়েছিল, তা পরে আদালতেও প্রমাণিত হয়েছে।

২০১১ সালে সিআইডি এ মামলায় যে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে, তাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকেও আসামি করা হয়েছে।

অবশ্য অভিযোগ অস্বীকার করে ২১ অগাস্টের হামলার ‘সুষ্ঠু তদন্ত’ দাবি করে আসছে বিএনপি।

আওয়ামী লীগই সেদিন নিজেদের সমাবেশে গ্রেনেড ছুড়েছিল বলে সেসময় সরকারি দলের পক্ষ থেকে বক্তব্য এসেছিল। শেখ হাসিনা নিজের ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন বলেও সংসদে বলা হয়েছিল সেসময়।

সেসব কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “আমি নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে নিজে নিজেকে মেরেছি? কি ন্যক্কারজনক!”

“যারা মেরেছিল, তাদের বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হল!”

হামলার পর মৃতপ্রায় আইভী রহমানকে দেখতে তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গেলে সে সময় আইভীর পরিবারের সদস্যদের একটি ঘরে আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “যেদিন খালেদা জিয়া গেল, সেদিন আইভী রহমানের ছেলে-মেয়েকে একটি ঘরে তালা দিয়ে খালেদা জিয়া দেখতে গেল। এটা কেন?”

গ্রেনেড হামলার পর পুলিশের টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিপেটার ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “যেখানে আহত মানুষ সহযোগিতা চাচ্ছে, সেখানে আক্রমণকারীদের রক্ষার জন্য টিয়ার গ্যাস মারা হল, লাঠিচার্জ করা হল। আক্রমণকারীদের এখান থেকে চলে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্যই যেন ওই টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করা হল।

“তখন সরকারে ছিল বিএনপি। আর তখন এই আক্রমণ”, বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আমি জানি না, পৃথিবীর কোনো দেশে এ ধরনের ঘটনা ঘটেছে কিনা? কিন্তু খালেদা জিয়ার সরকার ক্ষমতায় থাকতে এ ধরনের ঘটনাও ঘটেছে।”

মামলার আলামত ‘নষ্ট করার পর’ জজ মিয়া ‘নাটক’ সাজিয়ে তদন্ত ঘুরিয়ে দেওয়ার চেষ্টার কথাও মনে করিয়ে দেন সেই সময়ের বিরোধীদলীয় নেতা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, “যারা বাংলাদেশকে তালেবান রাষ্ট্র করার স্লোগান দিয়েছে, খালেদা জিয়া তাদের সমর্থন দিয়েছে। ১৭ অগাস্টে সারাদেশে একযোগে বোমা হামলা চালানো হয়েছিল। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ সৃষ্টি করা- এটাই তাদের প্রচেষ্টা।”

খালেদার স্বামী জিয়াউর রহমানের সময়ে ‘১৮টি সেনা অভ্যুত্থানের’ পর কোর্ট মার্শালে ‘অসংখ্য’ সেনা সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল জানিয়ে শেখ হাসিনা বলেন, “জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা অফিসারদের একে একে হত্যা করে।”

২১ অগাস্টের ‘প্রকৃত অপরাধীদের’ বিচার শেষ করার প্রত্যয় জানিয়ে সরকারপ্রধান বলেন, “এ বিচার অবশ্যই হতে হবে। না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। অন্যায়কে আমরা প্রশ্রয় দিই না। অন্যায় যেই করুক, তাকে শাস্তি পেতে হবে।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাহারা খাতুন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফসহ আওয়ামী লীগ ও ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং গ্রেনেড হামলায় আহতরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। 

শেখ হাসিনা অনুষ্ঠানের পরে আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন।