সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় চান এরশাদ
ধারাবাহিক শিশু হত্যাকাণ্ডের জন্য সরকারকে দায়ী করে প্রতিবাদের ‘ঝড়’ তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
মঙ্গলবার রাজধানীর পল্টনে জাতীয় পার্টি আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।
এরশাদ বলেন, “একজন সাধারণ নাগরিক হিসেবে আজ আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। গত কিছুদিন ধরেই সারা দেশে শিশু হত্যা হচ্ছে। অপরাধীরা ধরা পড়ছে না। কারণ দেশে আইনের শাসন নেই। জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে।”
প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত এসব ঘটনার প্রতিবাদে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? গণতন্ত্র মানে ভোটের অধিকার, কথা বলার অধিকার, বাঁচার অধিকার। সাধারণ মানুষকে আজ এই অধিকার কে দেবে?
“রাজন হত্যার আসামি সৌদি আরবে চলে গেছে। কবে ফিরবে জানি না, আদৌ ফিরবে কি না তাও জানি না। রাজন হত্যা, রবিউল হত্যার পর গতকালও একটা খুন হলো। এভাবে একটা দেশ চলতে পারে না।”
সমবেত জনতার উদ্দেশে তিনি বলেন, “আমরা এমন ছিলাম না। আগে আমরা কবিতা লিখতাম… রাখালের বাঁশির সুর শুনতাম। সেদিন আজ কোথায় গেল? এর জবাব চাই সমাজের কাছে, সরকারের কাছে।”
বিবেকের তাড়নায় রাস্তায় নেমেছেন জানিয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, “আমার হৃদয় রক্তাক্ত। বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব চলছে। মানুষ পরিবর্তন চায়। এই দুই নেত্রীকে জনগণ চায় না। আমরা ক্ষমতায় গেলে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ব, মানুষকে কথা বলার সুযোগ দেব।”
দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, “নারী ও শিশু নির্যাতন, হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা সারা দেশে আজ প্রতিবাদ কর্মসূচি পালন করছি। এর ধারাবাহিকতায় আরও কর্মসূচি নেওয়ার পরিকল্পনা আছে। জনগণের উদ্দেশে আহ্বান জানাই, জাতীয় পার্টির কর্মসূচিতে অংশ নিন।”
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সল চিশতী, সাইদুর রহমান টেপা, আব্দুস সবুর আসুদ প্রমুখ।
