প্রতিপক্ষ ‘দুর্বল’ বলে অন্য শঙ্কা নাসিমের
রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিএনপি ‘দুর্বল’ বলে আওয়ামী লীগের মধ্যে গৃহদাহের আশঙ্কা করছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেছেন, “আমাদের প্রতিপক্ষ দুর্বল হয়ে গেছে। মাঠে এখন প্রতিপক্ষ খুব দুর্বল। প্রতিপক্ষ দুর্বল হলে নিজেদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়।”
পঁচাত্তরের ১৫ আগস্টের আগেও এমন পরিস্থিতি ছিল মন্তব্য করে তার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য দলের সবাইকে সতর্ক থাকতে বলেছেন নাসিম।
“প্রতিপক্ষকে দুর্বল মনে করে আমরা যদি নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করি, তাহলে আমাদের সামনে বিপদ আসবে।”
রাজধানীর ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বুধবার শেখ কামালের জন্মবার্ষিকীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আলোচনায় এই সতর্ক বার্তা দেন নাসিম।
বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে বলেও আশাবাদী ক্ষমতাসীন দলের এই নীতি-নির্ধারক।
“কারণ তার (খালেদা জিয়া) কাছে আর কোনো বিকল্প নেই। দল যদি টিকিয়ে রাখতে হয়, রাজনীতি যদি করতে হয়, তাহলে নির্বাচনে আসা ছাড়া তার কোনো বিকল্প নেই।”
নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই ২০১৯ সালে পরবর্তী সাধারণ নির্বাচন হবে। আর আওয়ামী লীগ চায়, বিএনপিসহ সব দল নির্বাচনে যাবে।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।
