ছাত্রলীগের সম্মেলনে ছাত্রদলকে আমন্ত্রণ
ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের জাতীয় সম্মেলনে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের পক্ষ থেকে আমন্ত্রণপত্র নয়া পল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছানো হয়েছে বলে ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি জয়দের নন্দী জানিয়েছেন।
তিনি বলেন, “সকল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
“সকল ছাত্র সংগঠনের নেতাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি। এরই ধারাবাহিকতায় ছাত্রদলের নেতাদেরও আমরা আমন্ত্রণ জানিয়েছি।”
ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগের সহসভাপতি জয়দেব নন্দীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের নামে কার্ড দিয়ে গেছেন।
আগামী ২৫-২৬ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলন হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। এই সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগে নতুন নেতৃত্ব আসার কথা।
ঈদের পরদিন রাতে পটুয়াখালীর একটি ফেরীঘাট থেকে ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
