এই প্রথম নাছিরের বাড়িতে মহিউদ্দিন
প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের বাড়িতে গেলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
বুধবার রাত ৯টার দিকে আকস্মিকভাবে নগরীর আন্দরকিল্লায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছিরের বাড়িতে হাজির হন সাবেক মেয়র মহিউদ্দিন।
প্রায় ১৫ মিনিট তারা হাসি মুখে মেয়রের বাসভবনের নিচতলায় সোফায় পাশাপাশি বসে আলাপচারিতায় মেতে ছিলেন।
মহিউদ্দিন চৌধুরী মেয়রের অসুস্থ মায়ের খবরাখবরও নেন বলে আ জ ম নাছিরের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “মহিউদ্দিন চৌধুরী হঠাৎ করেই এসেছিলেন। প্রায় ১৫ মিনিট তারা আলাপ করেন। মেয়রের মায়ের শারীরিক অবস্থা সম্পর্কেও মহিউদ্দিন চৌধুরী জানতে চান। তবে মেয়রের মা ভবনের চার তলায় থাকায় তাদের দেখা হয়নি।”
দুই নেতা কী নিয়ে আলাপ করেছেন- জানতে চাইলে রায়হান ইউসুফ বলেন, “তা আমি জানি না।”
এর আগে বুধবার সকালেই ২২ বছর আগের এক হত্যাচেষ্টা মামলায় বেকসুর খালাস পান নাছির।
নগর আওয়ামী লীগে মহিউদ্দিন চৌধুরী ও নাছিরের অনুসারী দুটি পক্ষ রয়েছে। এই বিভেদ বিভিন্ন সহযোগী সংগঠনেও দেখা যায়।
এই বছর অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী ছিলেন তিন বারের মেয়র মহিউদ্দিন চৌধুরী। কিন্তু আওয়ামী লীগ থেকে নাছিরকে বেছে নেওয়া হয়েছিল।
মেয়র হওয়ার আগে ২০১৩ সালের ১৩ নভেম্বর নগর কমিটিতে সাধারণ সম্পাদকের পদ পান নাছির। ওই কমিটির সভাপতি পদে দীর্ঘদিন ধরে আছেন মহিউদ্দিন।
পদ পেয়ে ঢাকা থেকে ফিরে চট্টগ্রাম নগরীর চশমা হিলে মহিউদ্দিনের বাড়িতে গিয়েছিলেন নাছির। এরপর একাধিক বার মহিউদ্দিনের বাড়িতে নাছির গেলেও নাছিরের বাসায় এবারই প্রথম গেলেন মহিউদ্দিন।
শপথ নিলেও বর্তমান সিটি করপোরেশনের মেয়াদ শেষ না হওয়ায় এখনও দায়িত্ব নেননি নাছির। আগামী রোববার (২৬ জুলা্ই) মেয়র হিসেবে দায়িত্ব বুঝে নেবেন নাছির।
মহিউদ্দিন সম্প্রতি নুরুল ইসলাম বিএসসির বাড়িতেও গিয়েছিলেন। চট্টগ্রাম আওয়ামী লীগে মহিউদ্দিনবিরোধী শিবিরের নেতা হিসেবে পরিচিত নুরুল ইসলাম বিএসসি ঈদের আগে মন্ত্রী হিসেবে শপথ নেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মহিউদ্দিনের বাড়িতে গিয়েছিলেন নুরুল ইসলাম। এরপর ঈদের পরদিন বাড়িতে যান মহিউদ্দিন।
