খালিদীর মৃত্যুতে রাজনীতিকদের শোক
“বাংলাদেশের সাংবাদিকতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পেছনে তার কাজ আধুনিক সংবাদপত্রের ইতিহাসে নতুন সংযোজন রাখবে আশা করি।”
দেশের সংবাদ সেবাকে ডিজিটাল দুনিয়ায় পৌঁছে দেওয়ার পুরোধা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
শুক্রবার রাতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এক শোকবার্তায় বলেন, “তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও ডিজিটাল সংবাদমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যু দেশের গণমাধ্যম অঙ্গনের জন্য শূন্যতার সৃষ্টি করবে।”
ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান আবদুল আউয়াল ও মহাসচিব নুরুল ইসলাম এক শোকবার্তায় বলেন, “তৌফিক ইমরোজ খালিদী ছিলেন বাংলাদেশের সাংবাদিকতাকে গ্রহণযোগ্যমাত্রায় নেওয়ার অন্যতম কারিগর। তিনি সংবাদের মূল্য সংবাদের মাধ্যমেই দিতেন।
“তিনি কোনো ন্যারেটিভ তৈরি করেননি। বাংলাদেশের সাংবাদিকতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পেছনে তার কাজ আধুনিক সংবাদপত্রের ইতিহাসে নতুন সংযোজন রাখবে আশা করি।”
ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে থাকা অবস্থায় মস্তিষ্কের রক্তক্ষরণ হলে বৃহস্পতিবার রাতে খালিদীকে নেওয়া হয় লন্ডনের সেইন্ট বার্থোলোমিউ’স হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রী আব্দুল মঈন খান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব গোলাম মোস্তাফা ভুইয়া।
কোনো চাপের কাছে ‘নতি স্বীকার না করা’ তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শোক প্রকাশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান।
প্রয়াতের পরিবার, সহকর্মী, স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত আরিফ ও সাধারণ সম্পাদক ফারহানা মুনা।
এক শোকবার্তায় তারা বলেন, ‘‘বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যমের বিকাশে তৌফিক ইমরোজ খালিদী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
“তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সংবাদ পরিবেশন, অনুসন্ধানী সাংবাদিকতা এবং একটি আধুনিক অনলাইন সংবাদমাধ্যম প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যু দেশের গণমাধ্যম ও সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।’’
