২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়কে ‘ব্যক্তিগত সম্পত্তি’ বানিয়েছিল আওয়ামী লীগ: শিবির সভাপতি

“ঐতিহাসিক এই সংগ্রামের বিজয় ছিল পুরো জাতির ঐক্যবদ্ধ ত্যাগ ও তিতিক্ষার ফল,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2024, 06:22 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়কে আওয়ামী লীগ ‘ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল’ বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

সোমবার বিজয় দিবসের শোভাযাত্রা শেষে সমাবেশে তিনি বলেন, “চব্বিশের জুলাই বিপ্লবের ন্যায় ১৯৭১ সালেও দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের আপামর জনতা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ঐতিহাসিক এই সংগ্রামের বিজয় ছিল পুরো জাতির ঐক্যবদ্ধ ত্যাগ ও তিতিক্ষার ফল।

“কিন্তু স্বাধীনতার স্বাদ পাওয়ার আগেই আওয়ামী লীগ সেই বিজয়কে ছিনতাই করে একে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল।”

জামায়াতে ইসলামীর এ ছাত্র সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বিজয় দিবস উপলক্ষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শাহবাগ পর্যন্ত তারা শোভাযাত্রা করে। এরপর সমাবেশে ছাত্রশিবিরের সভাপতি বক্তব্য দেন।

স্বাধীনতার পর থেকে এখনও মানুষ ‘স্বাধীনতার প্রকৃত সুফল পায়নি’ বলে মনে করেন মঞ্জুরুল ইসলাম।

তার ভাষ্য, “দেশের প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব বারবার বাধাগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক চেতনার বিপরীতে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

“১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। সেই অপশাসনের ধারাবাহিকতায় ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়েও দেশে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, বাকস্বাধীনতা খর্ব করা হয়েছে এবং বিরোধী মত দমনে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করা হয়েছে।”

অন্যদের মধ্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আযাদ, প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, ছাত্রকল্যাণ ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্ল্যানিং ও আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ, অর্থ সম্পাদক তৌহিদুল হক মিজবাহ, সাংস্কৃতিক সম্পাদক আহমদ তাওফিক এবং পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকিক সমাবেশে বক্তব্য দেন।