ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ
‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ ব্যানার নিয়ে বিক্ষোভে অংশ নেয় কয়েকশ মানুষ।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন প্রাঙ্গণে বিক্ষোভ করেছে কয়েকশ মানুষ।
বুধবার সকাল থেকে ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ ব্যানার নিয়ে তারা নগর ভবনের সামনে জড়ো হন।
তারা নগরভবনে মুল ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করেন। এক পর্যায়ে বেলা ১০টার দিকে নগর ভবনের মূল ফটক খুলে দিলে তারা ভেতরে ঢুকে যান। বিক্ষোভকারীদের একটি অংশ নগর ভবনের সিঁড়িতে অবস্থান নেন।
বেলা সাড়ে ১২টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন। দুপুর ২টা পর্যন্ত তাদের কর্মসূচি চলার কথা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৯টা থেকে কয়েকশ লোক নগর ভবনের সামনে এসেছেন। তারা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি স্লোগান দিচ্ছেন। তবে তারা সিটি করপোরেশনের কাজকর্মে কোনো বাধা দিচ্ছেন না। কাউকে নগর ভবনে আসতেও বাধা দিচ্ছেন না।”
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন।
গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।
ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।
এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।
ইশরাক হোসেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।
পুরান ঢাকার সুত্রাপুরের বাসিন্দা পাভেল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ঢাকাবাসীর দাবি, ইশরাক হোসেনকে মেয়র হিসেব শপথ পড়ানো এবং মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া। এ বিষয়টি কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে, এখন পর্যন্ত সবকিছু হয়েছে আইন মেনে। তারপরও স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দিতে টালবাহানা করছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় তো আর কোর্টের চেয়ে বেশি ক্ষমতা দেখাতে পারে না।”
বিক্ষোভকারীদের আরেকজন সাইফুল ইসলাম বলেন, “নগরবাসী সিটি করপোরেশনকে নিয়মিত ট্যাক্স দিচ্ছে। কিন্তু নাগরিক সেবা পাচ্ছে না। মেয়র না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানোর জন্য কোর্ট রায় দিয়েছে, এটা যেন দ্রুত করা হয় সেজন্য আমরা এখানে এসেছি।”
