Published : 27 Dec 2025, 01:05 PM
আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর বায়োমেট্রিক দিয়ে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন বিএনপি নেতা তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।
শনিবার বেলা ১২টা ২৬ মিনিটে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে প্রবেশ করেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা।
ভোটার হওরার আবেদন ফরমের সঙ্গে হাতের দশ আঙ্গুলের ছাপ ও আইরিশ দিয়ে তাদের গাড়ি বহরটি ১২টা ৪৪ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবন ছেড়ে যায়।
এর পরপরই ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিকতা সেরেছেন বিএনপি নেতা তারেক রহমান।
২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মত ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। তারেক রহমান তখন ছিলেন কারাগারে। ২০০৮ সালে কারামুক্তির পর তিনি স্ত্রী-কন্যাকে নিয়ে লন্ডনে যান। এরপর আর দেশে না ফেরায় এনআইডিও পাননি।
তবে চব্বিশের অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার স্ত্রী জুবাইদা রহমানে দেশে এসে ভোটার হন। আর জাইমা রহমান দেড় দশক বাদে বাবার সঙ্গে প্রথমবার দেশে ফেরেন বৃহস্পতিবার।
লন্ডনে অবস্থানকালে জাইমা স্কুল, মাধ্যমিক ও উচ্চতর শিক্ষা নেন। লন্ডনের লিংকন্স ইন থেকে সম্পন্ন করেন বার-অ্যাট-ল। এর আগে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক করেন তিনি।