বিএনপির সঙ্গে ইসহাক দারের বৈঠক, রোববার সাক্ষাৎ খালেদার সঙ্গে
বিএনপির সঙ্গে বৈঠকের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
ঢাকা সফরে আসা পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশান অ্যাভিনিউতে পাকিস্তান হাইকমিশনে এ বৈঠক হয়, যেখানে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
৫৫ মিনিট স্থায়ী বৈঠকের পরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে বলে নেতারা জানিয়েছেন। তবে বিএনপির তরফে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমে কোনো ব্রিফিং করা হয়নি।
বিএনপির সঙ্গে বৈঠকের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি- এনসিপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইসহাক দার।
এদিকে রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ইসহাক দার। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে খালেদা জিয়োর বাসা ফিরোজায় এ সাক্ষাৎ হবে বলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের দফতর থেকে জানানো হয়েছে।
দুইদিনের সফর দুপুরে ইসহাক দার পাকিস্তানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
