২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যুত্থানের মত সবাই মিলে ষড়যন্ত্র মোকাবিলা করব: মোশাররফ

অতিদ্রুত সংস্কার শেষ করে নির্বাচনি রোডম্যাপ দেওয়ার তাগিদ দেওয়ার কথাও বলা হয়েছে, বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2024, 11:39 PM

Updated : 26 Aug 2026, 11:03 AM

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জুলাই-অগাস্টে গণঅভ্যুত্থানের মত ছাত্র-জনতা একসঙ্গে মিলে বিগত ‘ফ্যাসিবাদী’ সরকার ও তাদের সহযোগীদের ষড়যন্ত্র মোকাবিলা করার কথা বলেছেন তারা।

বুধবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হওয়া সংলাপে বিভিন্ন বিষয়ে আলোচনার কথা তুলে ধরে খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। রাজনৈতিক দল আমরা যারা উপস্থিত ছিলাম, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি।”

ভারতের সঙ্গে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ‘জাতীয় ঐক্য’ প্রতিষ্ঠায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। 

বিদেশে বসে ‘ফ্যাসিবাদী‘ সরকারের লোকজন ও তাদের সহযোগীরা ষড়যন্ত্র করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, “এটা দেশের জন্গণের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য অপচেষ্টা।” 

তিনি বলেন, “আমরা সরকারের সঙ্গে একমত পোষণ করেছি। সবাই মিলে যেমন জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে, তেমনই তাদের এবং তাদের সহযোগীদের ষড়যন্ত্রকে এদেশের ছাত্র-জনতা সবাই মিলে মোকাবিলা করব। এই প্রত্যাশা আমরা সকলে ব্যক্ত করেছি।’’

বাংলাদেশের অস্তিত্ব রক্ষার বিষয়ে সবাই একমত পোষণ করেছেন জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, “এই ডিসেম্বরে আমরা বিজয় লাভ করেছি, লাখো শহীদের রক্তের বিনিময়ে, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য গণতন্ত্রের জন্য অর্থনৈতিক মুক্তির জন্য এবং দেশের শান্তি শৃঙ্খলার জন্য।” 

অতিদ্রুত সংস্কার শেষ করে নির্বাচন রোডম্যাপ দেওয়ার তাগিদ দেওয়ার বিষয়টি সংলাপে তুলেছেন জানিয়ে তিনি বলেন, “এই সরকার ওয়াদাবদ্ধ জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। জনগণ রোডম্যাপ পেয়ে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, সেসব আর কেউ করার সাহস পাবে না।”

আরও পড়ুন

দেশের প্রশ্নে ঐক্যের ঘোষণা রাজনৈতিক দলগুলোর: আইন উপদেষ্টা

তারা মনে করছে ঠান্ডা হয়ে গেছি, আমি ঠান্ডা হই নাই: ইউনূস

'কল্পকাহিনির' প্রচার ঠেকাতে একজোট হওয়ার আহ্বান ইউনূসের