৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আওয়ামী লীগ
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ সারা দেশে রঙিন পোস্টার, ব্যানার, বিলবোর্ড টানানো হয়েছে।
নানা আয়োজনে দলের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
১৯৪৯ সালের ২৩ জুন যে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, তাই এখন বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে সংগঠিত এই দলের নেতৃত্বে স্বাধীন হয় বাংলাদেশ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে শুক্রবার ভোরে বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এবং দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে আলোচনা সভা।
এর আগে সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করবে।
ক্ষমতাসীন দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ সারা দেশে রঙিন পোস্টার, ব্যানার, বিলবোর্ড টানানো হয়েছে।
এই উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সব নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক বাণীতে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, আমাদের নেতা-কর্মীদের মেধা, পরিশ্রম, ত্যাগ ও দক্ষতায় আওয়ামী লীগ আরও গতিশীল ও শক্তিশালী হবে এবং জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।
“স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্র বিরোধী দেশি-বিদেশি অপশক্তি এখনও নানাভাবে চক্রান্ত-ষড়যন্ত্র করে যাচ্ছে। এই অপশক্তির যে কোন অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে উন্নয়নের ধারাবাহিকতা ও গণতন্ত্র রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকতে আমি দলের সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
২০৩০ সালের মধ্যে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সবাইকে নিরলস কাজ করে যাওয়ার আহ্বানও জানান তিনি।
