২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনায় বিএনপি নেতারা, ইউনূসের কাছে চাইবেন ‘নির্বাচনি রোডম্যাপ’

বৈঠকের আগে সালাহ উদ্দিন বলেন, “আমরা নির্বাচনের রোডম্যাপসহ বিভিন্ন ইস্যুতে আমাদের বক্তব্য প্রধান উপদেষ্টাকে জানাব।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2025, 12:19 PM

Updated : 26 Aug 2026, 12:31 PM

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সাত নেতা।

বুধবার বেলা ১২টা ৮ মিনিটে বিএনপি নেতাদের গাড়িটি যমুনায় প্রবেশ করেছে।

বৈঠকে দলের পক্ষ থেকে ত্রয়োদশ সংসদ ‘নির্বাচনের রোডম্যাপ চাওয়া হবে’ হবে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বিএনপি মহাসচিবের সঙ্গে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ  ও ইকবাল হাসান মাহমুদ  টুকু। 

বৈঠকের আগে সালাহ উদ্দিন বলেন, “আমরা নির্বাচনের রোডম্যাপসহ বিভিন্ন ইস্যুতে আমাদের বক্তব্য প্রধান উপদেষ্টাকে জানাব।”

এদিকে মঙ্গলবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়েছে।  প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের বিষয়বস্তু নিয়েও আলোচনা হয়েছে ওই বৈঠকে। 

দলের স্থায়ী কমিটির একাধিক নেতা বলেছেন, প্রধান উপদেষ্টার কাছে  জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়ার পাশাপাশি নির্বাচন ঘিরে ‘তৈরি হওয়া বিভ্রান্তি’ দূর করার এবং নির্বাচন নিয়ে সরকারের মনোভাব জানতে চাওয়া হবে।

এছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ও তুলে ধরবের বিএনপি নেতারা। 

বিএনপির পক্ষ থেকে একটি লিখিত বক্তব্যও প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হবে বলেও নেতারা জানিয়েছেন।

গেল সপ্তাহে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সালাহ উদ্দিন সাংবাদিকদের কাছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকসহ এসব বিষয় পরিষ্কার করেছিলেন। 

তিনি বলেছিলেন,“প্রধান উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করার জন্য সময় চেয়েছি। উনার সাথে সাক্ষাতের পরেই আমরা এ বিষয়ে (নির্বাচনের বিষয়) কথা বলব।

‘‘আমরা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই চাইব। যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত-অস্থিরতার যে ভাব আছে এবং রাজনীতিতে যাতে স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে সেগুলো লক্ষ্য রেখে আমরা বলব যে, এটা যথেষ্ট সময়।"

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ১৬ এপ্রিল, নির্বাচনের রোডম্যাপ চাইবে বিএনপি