সোমবার সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় বিএনপি
নয়াপল্টনে দলের এক সভা শেষে কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সোমবার ঢাকায় সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি।
এছাড়া ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে রোববার স্মরণসভা করবে দলটি।
নয়া পল্টনে বুধবার দুপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভার পর সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, “আমরা দুইদিনের কর্মসূচি হাতে নিয়েছি। একটি হচ্ছে ছাত্র-জনতার অভ্যুত্থান ও স্বৈরাচার আওয়ামী শাসনামলে গণতন্ত্রের জন্য প্রাণ দেওয়া শহীদদের স্মরণে ১৪ সেপ্টেম্বর স্মরণ সভা। এটি আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে করব। বিকাল ৩টা থেকে সভা হবে।
“দ্বিতীয়টি হল গণতন্ত্র দিবসের দিন (সোমবার) আমরা সমাবেশ করব। নয়া পল্টনে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ করতে চাই। এদিন সারা দেশে বিভাগীয় পর্যায়েও শোভাযাত্রা হবে।”
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির রফিকুল আলম মজনু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
