১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফেইসবুকে জোনায়েদ সাকির নামে 'ভিত্তিহীন ইভেন্ট'

"এই ইভেন্টের সাথে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির কোনো সম্পৃক্ততা নেই।"

ফেইসবুকে জোনায়েদ সাকির নামে 'ভিত্তিহীন ইভেন্ট'
অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 09:49 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

ফেইসবুকে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নামে যে ‘মশাল মিছিল’ ইভেন্ট ছড়িয়েছে, তা ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে তার দপ্তর।

মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার দপ্তর বলছে, "আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নাম ব্যবহার করে 'সোহরাওয়ার্দী উদ্যানে রমনা জোনের পুলিশের ডিসি মাসুদ কর্তৃক ঢাবি ছাত্র নিপীড়নের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিল' শিরোনামে 'একটি ভিত্তিহীন ইভেন্ট' তৈরি করা হয়েছে।"

ফেইসবুকে বিকাল থেকে ওই ইভেন্টের পোস্ট ঘুরতে দেখা যায়; অনেকে ওই ইভেন্টে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে তাদের ওয়ালে শেয়ার করেন। কিন্তু রাতে ওই ইভেন্টটি আর পাওয়া যায়নি।

অর্থ প্রতিমন্ত্রীর দপ্তর বলছে, "এই ইভেন্টের সাথে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির কোনো সম্পৃক্ততা নেই।"

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে আসা সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে প্রথমবারের মত এমপি হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। 

'গুজব' ও 'ভিত্তিহীন' সংবাদ বিশ্বাস না করে সকলকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে তার দপ্তরের বিজ্ঞপ্তিতে।