২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনি ভিত্তির নিশ্চয়তা না পেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি ‘যাবে না’: নাহিদ

“আমরা আরেকটা ঘটনার সাক্ষী হতে চাই না যেটার কোনো মিনিং নাই।“

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 02:19 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

জুলাই সনদের আইনি ভিত্তির নিশ্চয়তা এবং সেই ভিত্তি দেওয়ার ধরণ সম্পর্কে পূর্ব ধারণা না পেলে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ‘থাকবে না’ বলে জানিয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, “আগামীকাল যে অনুষ্ঠানটা হতে যাচ্ছে সেটা হচ্ছে জুলাই সনদে স্বাক্ষর। যেই আইনি ভিত্তির কথা আমরা বলছি, সেই আদেশ জারির আগে এমন স্বাক্ষর কিন্তু একটি আনুষ্ঠানিকতা। জুলাই সনদ ইতোমধ্যেই প্রণীত হয়েছে। সেই সাংবিধানিক আদেশের ভিত্তিতে গণভোট হবে এবং পুরো প্রক্রিয়া আগাবে।

“জুলাই ঘোষণাপত্রেরও একটা আইনি ভিত্তি দেওয়ার কথা বলেছিলাম। সেটা হয়নি। জুলাই ঘোষণাপত্রের টেক্সট বা শব্দচয়নেও একটা একটা প্রতারণা করা হয়েছে। সেটা আমাদেরকে দেখানো হয়নি। আগে যেটা দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা অনেক পরিবর্তিত ছিল এবং অনেক কমপ্রোমাইজ শব্দ ব্যবহার করা হয়েছে। ফলে আমরা আরেকটা ঘটনার সাক্ষী হতে চাই না যেটার কোনো মিনিং নাই। আমরা আইনি ভিত্তি ও আদেশের নিশ্চিয়তা ছাড়া সনদে স্বাক্ষর করলে মূল্যহীন হবে। পরবর্তীতে সরকার কিসের ভিত্তিতে আদেশ দেবে সেই নিশ্চিয়তা পাচ্ছি না। এই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের অনুষ্ঠানে অংশীদার হব না।”

শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে ৩০টিরও অধিক রাজনৈতিক দলের নেতাদের নিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন চলছে। 

দীর্ঘ আলোচনার পর জুলাই সনদ নিয়ে বাংলাদেশের রাজনীতিকদের মতৈক্যে পৌঁছানো ‘অসম্ভবকে সম্ভব করা’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের স্বাক্ষরিত চিঠিতে মোট ৩৩টি রাজনৈতিক দল ও জোটের কাছে পৌছে যায় চূড়ান্ত জুলাই জাতীয় সনদ।

জুলাই ঘোষণাপত্র প্রণয়নের ক্ষেত্রেও অন্তর্বর্তী সরকার ‘ছলছাতুরির আশ্রয় নিয়েছিল’ বলে দাবি করেন নাহিদ। ওই ঘোষণাপত্র অনুষ্ঠানে তিনি ও তার দল অংশ নিয়েছিল।

নাহিদের বক্তব্যে নতুন সংবিধান প্রতিষ্ঠারও ইঙ্গিত পাওয়া যায়। তবে সেটা আগামী জাতীয় নির্বাচনের পর গঠিত গণপরিষদ থেকেই করা যেতে পারে বলে মনে করেন তিনি।

“গণঅভ্যুত্থানে আমাদের দাবি ছিল ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ এবং নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা। কেবল সরকার পরিবর্তনের জন্য এই অভ্যুত্থান হয়নি। সেই সূত্র ধরেই আমরা নতুন বাংলাদেশ ও সংস্কারের কথা বলেছি।

"জুলাই সনদ তৈরির প্রসঙ্গ যখন আসল তখন আমরা বলেছিলাম এটার একটা আইনি ভিত্তি দিতে হবে। কতগুলো বিষয়ে আমরা ঐকমত্যে আসাই বড় কথা নয়। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসলে সেটা বস্তবায়ন করবে সেই নিশ্চয়তা দিতে হবে। অতীতে নব্বইয়ের গণঅভ্যুত্থানের পরেও দেখেছি এই ঘটনাগুলো ঘটেনি।”

এনসিপির দাবিগুলো জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানকে সামনে রেখে সংবাদ সম্মেলন বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। 

সেগুলো হচ্ছে-

১.  জুলাই সনদ বাস্তবায়ন আদেশের 'টেক্সট' এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে।

২. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জারি করবেন। যেহেতু তিনি জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন। সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে আদালতের মতামত নেওয়া হলেও তার ক্ষমতার বৈধতার মূলে রয়েছে জুলাই গণঅভ্যুত্থান।

৩. জুলাই সনদের যে ৮৪টি বিষয় রয়েছে সেগুলো একত্রে গণভোটে যাবে। সেখানে নোট অব ডিসেন্টের আলাদা কোনো কার্যকারীতা থাকবে না। গণভোটের প্রশ্ন কী হবে আগেই রাজনৈতিক দলগুলোকে দেখাতে হবে।  

৪. গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদে রায় দেয়, তবে 'নোট অব ডিসেন্ট' এর কোনো কার্যকরীতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের উপর প্রদত্ত গাঠনিক ক্ষমতা (Constituent Power) বলে সংবিধান সংস্কার করবে। সংস্কারকৃত সংবিধানের নাম হবে - বাংলাদেশ সংবিধান, ২০২৬।

নাহিদ ইসলাম বলেন, তাদের এই দাবিগুলোর বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার হওয়ার পরই তবেই তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন। 

“বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট না করে জুলাই সনদে স্বাক্ষর আয়োজনটা জনগণের সঙ্গে একটা ছলছাতুরির মত হবে। আমরা জনগণকে অন্ধকারে রাখতে চাইনা। একটা বিষয় অস্পষ্ট রেখে সবাই এক জায়গায় এসে একটা বিশাল সেলিব্রেশনের মাধ্যমে স্বাক্ষর করার আয়োজনের কোনো অর্থ নেই,” বলেন তিনি।  

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে সাংবিধানিকভাবেই ফ্যাসিবাদী কাঠামোর দিকে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার, নাগরিক অধিকার ও মানবিক মার্যাদা বঞ্চিত ছিল। বাংলাদেশ রাষ্ট্রটিকে একজন ব্যক্তির করায়ত্ব করার উপযোগী করে সংবিধানকে প্রস্তুত করা হয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষমতা হস্তান্তরের মতো শান্তিপূর্ণ প্রক্রিয়াও এই সংবিধানে অনুপস্থিত থেকে গেছে। 

“বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুন্ন থাকে নাই। বিচার বিভাগ, আইন বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য বিদ্যমান সংবিধানের মধ্যে অনুপস্থিত ছিল। এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ চব্বিশের অভ্যুত্থানের মধ্য  দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটি গণতান্ত্রিক ও জবাবহিদিতার সংবিধান প্রণয়নের অভিপ্রায় ব্যক্ত করেছেন।”

আখতার হোসেনের কথায়, গণঅভ্যুত্থানের শক্তি থেকে গঠিত অন্তর্বর্তী সরকারের কর্তব্য ছিল যারা অভ্যুত্থানের সময় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে এবং এর আগেও গুম খুন, হত্যা, নির্যাতন, অত্যাচারসহ নানা ধরনের অপরাধ করেছে তাদেরকে ‘বিচারের আওতায় নিয়ে আসা’। 

বাংলাদেশে রাষ্ট্রের গঠনগত জায়গায় যে ফ্যাসিবাদী উপাদান রয়েছে সেগুলোকে পরিবর্তন করে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সংস্কারের কাজ দৃশ্যমান করা প্রয়োজন ছিল বলেও জানিয়েছেন আখতার।

“একই সঙ্গে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তন্তরের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা।”

এনসিপি সরকারের সংস্কারের কর্মযজ্ঞে ‘যথাযথভাবে অংশ নিয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনে দলগুলোর মধ্যে মতোবিরোধ থাকলেও এখন ৩০টিরও অধিক দল ও জোট জুলাই সনদ প্রণয়নের দিকে অগ্রসর হয়েছি।”

সংবাদ সম্মেলনে এনসিপি নেতা আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, সালেহ উদ্দিন সিফাত, জাভেদ রাসিন, সারোয়ার তুষার, আতাউল্লাহ, ফরিদুল হক উপস্থিত ছিলেন।

চূড়ান্ত জুলাই সনদে যা থাকছে

জুলাই সনদ নিয়ে রাজনীতিকরা অসম্ভবকে সম্ভব করেছেন: ইউনূস