বিএনপি আবার দেশকে অন্ধকারে নিতে চায়: কাদের
“টেমস নদীর পাড়ে বসে রাজপথ থেকে উঠে আসা দল আওয়ামী লীগকে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই।”
বিএনপি ক্ষমতায় ফিরলে দেশ আবার ‘অন্ধকারে’ ফিরবে বলে দেশবাসীকে হুঁশিয়ার করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, বৈশ্বিক সঙ্কটের যে ধকল বাংলাদেশেও চলছে, তা অচিরেই কেটে যাবে।
মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “বিএনপি নেতারা এখনও সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে এবং সরকারের পদত্যাগ নিয়ে হাস্যকর বক্তব্য রাখছে। বাংলাদেশে সংবিধান আছে, গণতন্ত্র আছে। সংবিধান অনুযায়ীই যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
“বর্তমান বিশ্ব সংকটের জন্য বাংলাদেশের মানুষের কষ্টকে পুঁজি করে সরকার পতনের আন্দোলনের খোয়াব দেখে লাভ নেই। আজকের এই অর্থনৈতিক সংকট মোকাবেলায় শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছে। এ দুর্দিন অচিরেই কেটে যাবে, দেশে আবারও সুদিন ফিরে আসবে, ইনশাআল্লাহ।”
রাজপথেই সরকারকে পরাজিত করবে- বিএনপি নেতাদের এমন হুমকির জবাবে কাদের বলেন, “টেমস নদীর পাড়ে বসে রাজপথ থেকে উঠে আসা দল আওয়ামী লীগকে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই।
“বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত হতে শেখেননি, তিনি হার মানেন না, কখনও হার মানেননি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যে কোনো সময়ের চেয়ে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। রাজপথ ও নির্বাচনে মোকাবেলা করতে আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত।”
তারেক রহমান লন্ডন থেকে ‘টেক ব্যাক বাংলাদেশ’র যে ঘোষণা দিয়েছেন, তার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “তাদের টেক ব্যাক হলো দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়া, দেশকে হাওয়া ভবনের দুর্নীতির সাগরে নিমজ্জিত করা।
“তাদের টেক ব্যাক মানে সাম্প্রদায়িক রাজনীতি আর সংখ্যালঘুদের উপর নির্যাতনের উল্লাস। তাদের টেক ব্যাক মানে বাংলা ভাইদের অভয়ারণ্য প্রতিষ্ঠা, জঙ্গিবাদ কায়েম করা। বিএনপি আমলের সেই অন্ধকারে দেশের মানুষ আর ফিরে যেতে চায় না, লুটপাট আর রক্তপাতের বাংলাদেশ এদেশের মানুষ আর দেখতে চায় না।”
তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সংসদ নির্বাচন না দিলে আওয়ামী লীগ সরকার পালানোর পথও খুঁজে পাবে না বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, “যদি লজ্জা থাকত তাহলে তিনি (মির্জা ফখরুল) নিশ্চয় ভাবতেন, পালানোর ইতিহাস বিএনপির, আওয়ামী লীগের নয়। আপনাদের নেতাই তো রাজনীতি করবে না বলে কাপুরুষের মতো মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে।”
হুমকি-ধামকি, ষড়যন্ত্রের পথ পরিহার করে বিএনপিকে গণতন্ত্র ও নির্বাচনের পথে ফিরে আসার আহ্বান জানান কাদের।
