জনগণের ভালোবাসাই প্রয়াত ডেপুটি স্পিকারের বড় অর্জন: স্পিকার
গাইবান্ধা-৫ আসন থেকে সাতবারের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া দশম সংসদে ডেপুটি স্পিকারের চেয়ারে বসেন। একাদশ সংসদেও টানা দ্বিতীয় মেয়াদে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করে আসছিলেন।
সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ডেপুটি স্পিকার হিসেবে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি।
বুধবার ডেপুটি স্পিকারের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে স্পিকার শিরীন শারমিন বলেন, “ডেপুটি স্পিকারের প্রতি জনগণের ভালবাসা ও শ্রদ্ধাই জীবনে তার সবচেয়ে বড় অর্জন। এভাবেই মো. ফজলে রাব্বী মিয়া জনগণের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন।”
সংসদ ভবনের তিন তলায় ওই দোয়া মাহফিলে স্পিকার বলেন, “সংসদ অধিবেশন খুব আগ্রহ নিয়ে পরিচালনা করতেন সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার। ফজলে রাব্বী মিয়া সংসদ পরিচালনার ক্ষেত্রে সবসময় সক্রিয়ভাবে সহযোগিতা করতেন।”
গাইবান্ধা-৫ আসন থেকে সাতবারের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া শুক্রবার বিকাল ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে মারা যান। ৭৬ বছর বয়সী এই রাজনীতিবিদ ক্যান্সারে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ফজলে রাব্বী প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির মনোনয়নে। পরে তিনি আওয়ামী লীগে ফিরে আসেন।
১৯৮৬ সালের তৃতীয়, ১৯৮৮ সালের চতুর্থ, ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি ।
১৯৮৯ সালে তিনি আইন প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদে যান। পঞ্চম ও সপ্তম সংসদে তিনি ছিলেন বিরোধীদলীয় হুইপ।
দশম সংসদে ডেপুটি স্পিকারের চেয়ারে বসেন ফজলে রাব্বী মিয়া। একাদশ সংসদেও টানা দ্বিতীয় মেয়াদে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করে আসছিলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সরকারি দলের হুইপ ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান।
মিলাদ মাহফিলে ফজলে রাব্বী মিয়ার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদের ঈমাম মাওলানা মো. সাইফুল্লাহ।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে এবং পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদের সঞ্চালনায় সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
