সংলাপের আহ্বানে এনসিপি দেখছে ‘সংস্কার বানচালের ষড়যন্ত্র’
আখতারের ভাষায়, গণঅভ্যুথানের মধ্য দিয়ে গঠিত সরকারের ‘যে ম্যান্ডেট ছিল’, সেই ম্যান্ডেটের ক্ষমতাকে তারা নিজেরাই ‘অবজ্ঞা’ করছে।
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে সিদ্ধান্ত নিতে সরকার রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানানোর পর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
সংস্কার বাস্তবায়নের ‘ম্যান্ডেট থাকার পরও’ এমন সংলাপের আহ্বানকে ‘সংস্কার বানচালের পদক্ষেপ’ আখ্যায়িত করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।
সোমবার দুপুরে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সংলাপ আহ্বান জানানোর পর সন্ধ্যায় বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি।
সেখানে আখতার হোসেন বলেন, “ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আলোচনায় অনেকগুলো বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে এবং ঐকমত্য কমিশন কিছু সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করেছে। তারপরেও এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা হয় নাই।
“আজকে সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আবারো সংস্কারের বিষয়টাকে রাজনৈতিক দলগুলোর দিকে তুলে দেওয়া হয়েছে। সরকার সংস্কার বাস্তবায়নের বিষয়ে নিজেরা উদ্যোগী না হয়ে বরং গাছাড়া মনোভাব ব্যক্ত করছেন। আমরা এর মধ্য দিয়ে সংস্কারকে বানচালের দিকে নিয়ে যাওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করছি।”
আখতারের ভাষায়, গণঅভ্যুথানের মধ্য দিয়ে গঠিত সরকারের ‘যে ম্যান্ডেট ছিল’, সেই ম্যান্ডেটের ক্ষমতাকে তারা নিজেরাই ‘অবজ্ঞা’ করছে।
“ঐক্যবদ্ধ কমিশনের যে সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে সেই প্রস্তাব ১ (প্রথম বিকল্প) অনুযায়ী অতি দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংস্কারের বিষয়গুলোকে প্রধান রেখে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির দাবি জানাচ্ছি।”
জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আগামী সংসদ নির্বাচনের সঙ্গে হবে নাকি আগেই হবে— এ নিয়ে বিএনপির সঙ্গে জামায়াতসহ কয়েকটি দলের মতবিরোধ দেখা দিয়েছে।
সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে বলেন, গণভোট কখন হবে, গণভোটের বিষয়বস্তু কী হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে ‘জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত’ গ্রহণ করা প্রয়োজন বলে উপদেষ্টা পরিষদ মনে করে।
“এসব ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজস্ব উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়।”
তবে এই ‘ঐক্যবদ্ধ দিকনির্দেশনা’ কীভাবে মিলবে, সরকারের তরফ থেকে নতুন করে সংলাপের উদ্যোগ নেওয়া হবে কি না, তা খোলাসা করেননি আইন উপদেষ্টা।
পরে জামায়াতে ইসলামীসহ আট ধর্মভিত্তিক দলের এক যৌথ সংবাদ সম্মেলনে সরকারকে সংলাপের জন্য উদ্যোগ নিতে আহ্বান জানানো হয়।
জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সংবাদ সম্মেলনে বলেন, “আমি গতকালকে দলগুলোর মধ্যে একটি আলোচনার আহ্বান করেছিলাম।আজকে উপদেষ্টা পরিষদও সেই রকম একটি আহ্বান দলগুলোর কাছে জানিয়েছে। আমরাও দেখতে চাই মেইন স্টেক হোল্ডার দলগুলো এই আহ্বানে যেন সাড়া দেয়। তারাও যদি আমাদের মত একইভাবে সাড়া দেয়, তাহলে একটা রাস্তা বেরিয়ে আসবে।
“উপদেষ্টা পরিষদ যে মনে করেছে, তাদের আর কোনো দায়িত্ব নেই, তারা আর কিছুই করবে না, দলগুলো মিলে করবে… তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, বিশেষ করে প্রধান উপদেষ্টা এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন আগের মত, এটা আমরা আশা করি।”
পরে সন্ধ্যায় এনসিপির সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “কোন দিন সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হবে, সেটা সরকারকে জানাতে হবে। প্রধান উপদেষ্টাকে এই আদেশ জারি করতে হবে। রাষ্ট্রপতির স্বাক্ষরে আদেশ জারি করা হলে ছাত্র-জনতা আবার মাঠে নামবে।”
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, মুশফিক উস সালেহীনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
