১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জুলাই সনদ পড়ে দেখেন, ‘নোট অব ডিসেন্ট’ বিরোধীদেরও আছে: নজরুল ইসলাম খান

“আমরা আমাদের কথা থেকে সরি নাই, প্রতিশ্রুতিতেই আছি,” সনদের বাস্তবায়ন প্রসঙ্গে বলেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা।

জুলাই সনদ পড়ে দেখেন, ‘নোট অব ডিসেন্ট’ বিরোধীদেরও আছে: নজরুল ইসলাম খান
নজরুল ইসলাম খান। ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেইসবুক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 08:47 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

শুধু বিএনপি নয়, জুলাই জাতীয় সনদে বিরোধী দলগুলোরও ‘নোট অব ডিসেন্ট’ আছে বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান। 

এ ছাড়া বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নের প্রুতিশ্রুতি থেকে সরে আসেনি বলেও দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য, যিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বেও আছেন।

সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক মতবিনিময় সভায় কথা বলছিলেন নজরুল ইসলাম খান। বিএনপি নেতৃত্বাধীন সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে এ সভা হয়। 

সেখানে জুলাই সনদের প্রসঙ্গ তুলে নজরুল ইসলাম খান বলেন, “আমরা সবসময় বলেছি, যে ডকুমেন্টে আমরা সবাই একমত হয়েছি, সেটাই হল জনগণের ম্যান্ডেট। সেখানে যার যার মতো নোট অব ডিসেন্ট দিছেন।

“বিএনপি খালি নোট অব ডিসেন্ট দেয় নাই, আজকে যারা সংসদের বিরোধী দল, তাদেরও নোট অব ডিসেন্ট আছে। জুলাই জাতীয় সনদ পড়ে দেখেন। বলা হয়েছে, যারাই যে নোট অব ডিসেন্ট দিয়েছে, এটা তারা তাদের নির্বাচনি ইশতেহারে তুলে ধরবে; জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণ যদি এটার প্রতি সমর্থন দেয়, তাহলে তারা সে অনুযায়ী বাস্তবায় করবে।”

তিনি বলেন, “আমরা আমাদের কথা থেকে সরি নাই, আমরা আমাদের প্রতিশ্রুতিতেই আছি।”

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কেন্দ্র ‘শাপলা’য় এ অনুষ্ঠান হয়। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সরকারের বিভিন্ন দায়িত্বে থাকা ব্যক্তিরা।

শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের কারামুক্তির প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, “শীর্ষ সন্ত্রাসীদের কথা বলছেন! তাদের অধিকাংশ অন্তর্বতী সরকারের সময় কারাগার থেকে বেরিয়ে গেছে। এরা অনেকেই দেশের বাইরে চলে গেছে এবং সেখান থেকে কর্মকাণ্ড চালাচ্ছে।

“এ বিষয়ে যে প্রয়োজনীয় পদক্ষেপ আমার মনে হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থা জানে এবং প্রয়োজনীয় যে পদক্ষেপ, তারা সেটা নিচ্ছে। ইতিমধ্যে সেটা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় আপনি দেখেছেন যে, জঙ্গল সলিমপুর সেটা অপরাধমুক্ত করা হয়েছে। ক্রমান্বয়ে এগুলো আরো জানা যাবে।”

সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বের আগে সরকারের ১৮০ দিনের কার্যক্রম এবং সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, “চলতি অর্থবছরে স্থানীয় সরকারের নির্বাচন হবে। এজন্য প্রায় ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে।”

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, পররাষ্ট্র  বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারি সাইমুম পারভেজ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক অধ্যাপক এসএম আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারি রাশেদ খান, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, প্রধানমন্ত্রীর স্ক্রিপট রাইটার মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মো. সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারি প্রেস সচিব কেএম নাজমুল হক, আবদুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার ও আশরোফা ইমদাদ উপস্থিত ছিলেন।