২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের রায় বাস্তবায়নে নির্বাচন চাইল চট্টগ্রাম বিএনপি

“অন্তর্বর্তী সরকার আপনারা এসেছেন, আমরা সবাই আপনাদের সমর্থন দিচ্ছি। জনগণের রায় বাস্তবায়নের জন্য একটা নিরপেক্ষ নির্বাচন করা দরকার।”

জনগণের রায় বাস্তবায়নে নির্বাচন চাইল চট্টগ্রাম বিএনপি
চট্টগ্রামের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে নেতারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2024, 01:10 AM

Updated : 26 Aug 2026, 10:16 AM

জনগণের রায় বাস্তবায়নের জন্য একটা নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এই দাবি করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকে কর্মসূচিতে গুলি এবং শেখ হাসিনাসহ তার মন্ত্রিসভার সদস্যদের বিচারের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই  সমাবেশের আয়োজন করা হয়।

নাছির বলেন, “অন্তর্বর্তী সরকার আপনারা এসেছেন, আমরা সবাই আপনাদের সমর্থন দিচ্ছি। জনগণের রায় বাস্তবায়নের জন্য একটা নিরপেক্ষ নির্বাচন করা দরকার।”

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি নেতা বলেন, “যেসব আইন সংস্কার করা দরকার, সেগুলো সংস্কার করুন। যারা রাজনীতি ও প্রশাসন ভালো বোঝেন, তাদের সরকারে রাখুন। জাতীয় সংসদ নির্বাচন যেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, সেই বিধান রাখবেন।

“কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের কথা বললে আওয়ামী লীগের গা চুলকানি শুরু হয়। এই গা চুলকানি বন্ধ করার জন্য আমরা অন্তত দুইটি নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে করতে হবে।”

বিএনপির নেতা নির্বাচনে ‘ডিএনএ টেস্ট’ করতে হবে বলেও মন্তব্য করেন মীর নাছির। বলেন, “ছাত্রদল থেকে আমরা নেতৃত্ব নেব। আমি মীর নাছির জেলে গেলে আমাকে কনডেম সেলে রাখা হয় আর অন্যরা গেলে তারা কোরমা পোলাও খায়। তারা কারা আর আমি কারা?”

আওয়ামী লীগ সরকারের আমলে বন্দিশালা হিসেবে আলোচনায় থাকা ‘আয়নাঘরে’ এখনও যারা বন্দি আছেন, তাদেরকে বের করে আনার দাবিও জানান বিএনপি নেতা। বলেন, “আমাদের দলের নেতাকর্মীসহ সবাইকে তাদের পরিবারের কাছে ফেরত দিতে হবে।”

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্ব ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। 

প্রধান বক্তা ছিলন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ বক্তা ছিলেন বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন।