২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ঐক্য: বিএনপির ভাবনায় জামায়াতের সায়

“দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, যেটাতে মানুষের কষ্ট হচ্ছে, এটাকে লাঘব করার জন্য কী পদক্ষেপ নেওয়া যায়, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে", বলেন তিনি।

জাতীয় ঐক্য: বিএনপির ভাবনায় জামায়াতের সায়
রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2024, 12:05 AM

Updated : 26 Aug 2026, 11:00 AM

আওয়ামী লীগ সরকার পতনের পর নির্বাচন প্রশ্নে বিএনপির সঙ্গে ‘বিরোধে’ জড়ালেও দেশের দেশের উদ্ভূত পরিস্থিতিতে ফের ‘ঐক্যের’ বার্তা দিলেন জামায়াতের আমির আমির শফিকুর রহমান।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি যে জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছে, সে বিষয়ে জামায়াতও একমত বলে জানিয়েছেন তিনি।  

বৃহস্পতিবার রাতে সরকার প্রধানের বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

আগের দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দলও ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় ঐক্য ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ওপর জোর দেয়।

পরে প্রধান উপদেষ্টার এক বার্তাতেও জাতীয় ঐক্যের কথা বলা হয়, তবে নির্বাচনের রোডম্যাপ নিয়ে কিছু জানানো হয়নি।

বিএনপি যে ঐক্যের কথা বলেছে, সে বিষয়ে জামায়াতের অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নে শফিকুর বলেন, “একেবারে একমত, এখানে কোনো দ্বিমত নাই। জাতীয় ঐক্য অবশ্যই থাকতে হবে।

“দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায়, তাদের চিহ্নিত করতে হবে। এবং ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।”

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুই সপ্তাহ পর থেকে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছিল বিএনপি। তবে জামায়াত এর বিরোধিতা করে ‘আগে সংস্কার, পরে নির্বাচন’ এর কথা বলতে থাকে।

এর মধ্যে বিএনপি নেতারা জামায়াতের মুক্তিযুদ্ধের ভূমিকা তুলে এনে দলটিকে ‘স্বাধীনতাবিরোধী’ও বলতে থাকে। পাল্টা চালে জামায়াত নেতারা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আনে দখল ও চাঁদাবাজির অভিযোগ।

তবে সরকার পতনের সাড়ে তিন মাস পর দেশে আইনশৃঙ্খলার অবনতি, ছাত্র ও শ্রমিক অসন্তোষ, অর্থনৈতিক কর্মকাণ্ডে ভাটা, রিজার্ভের পতনের মধ্যে হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এক হিন্দু নেতাকে গ্রেপ্তারের ঘটনায়। 

এর মধ্যে রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই বাংলাদেশ’ তিনি দেখতে চাননি। ৫ তারিখের আগে এই বাংলাদেশ ছিল না। তিন মাসেই ‘আসল চেহারা’ বের হয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। 

প্রধান উপদেষ্টার সঙ্গে কী কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে জামায়াত নেতা বলেন, “আমরা দেশে বিদ্যমান পরিবেশ-পরিস্থিতি নিয়ে কথা বলেছি। আগামীতে দেশ কীভাবে শান্তি শৃঙ্খলার মধ্যে থেকে একটি কার্যকর নির্বাচনের দিকে আগাতে পারে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

“দেশ আমাদের সবার। দল, মত নির্বিশেষে সবাই মিলেমিশে জাতীয় ঐক্য কীভাবে আরও শক্তিশালী করা যায়, প্রশাসনে আরও কীভাবে গতি আনা যায়, এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

“পাশাপাশি দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, যেটাতে মানুষের কষ্ট হচ্ছে, এটাকে লাঘব করার জন্য কী পদক্ষেপ নেওয়া যায়, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে", বলেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে জামায়াত আমির বলেন, “দেশে সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই সকল আলোচনায় আমরা একমত হয়েছি যে, দেশবাসীকে সাথে নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।”

শফিকুর বলেন, “দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে হবে। এর জন্য প্রয়োজন হচ্ছে সর্বোচ্চ জাতীয় ঐক্য।

“দল, মত, ধর্ম ভিন্নতা থাকবেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু জাতীয় স্বার্থে যাতে আমরা ঐকমত্য থাকতে পারি।”