২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার কবরে শ্রদ্ধা

ছয় দিনের কর্মসূচি চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 12:40 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটির নেতাকর্মীরা।

সোমবার সকাল ১১টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বাধীন কয়েক হাজার নেতা-কর্মী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে শেরে বাংলা নগরে সমবেত হন।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, সাইফুল আলম নিরব, মহানগর বিএনপির উত্তরের আমিনুল হক, দক্ষিণের তানভীর আহমেদ রবিনসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পুষ্পার্ঘ্য অর্পণের পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপি নেতৃবৃন্দ।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী দিবসের সূচনায় ভোরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারপারসনের কার্যালয়সহ সারাদেশে বিএনপি কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

রোববার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর ছয়দিনের কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার বেলা ২টায় রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে নয়া পল্টনে কার্যালয়ের সামনে থেকে। এরপর বুধবার সারাদেশে উপজেলা ও পৌর এলাকায় আলোচনা সভা ও শোভাযাত্রা কর্মসূচি পালন করা হবে।

আগামী ৪ সেপ্টেম্বর সারাদেশে মহানগর, জেলা-উপজেলায় বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া অনুষ্ঠান এবং পরদিন ঢাকায় গোলটেবিল আলোচনা অনুষ্ঠান কর্মসূচি রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টারিংয়ের পাশাপাশি জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে বিএনপি।