‘ভ্রান্ত’ দাবির মুখে সরকার ‘ভ্রান্ত’ পদক্ষেপ নেবে না, আশা জাতীয় পার্টির
“যেসব কাজ করলে একটি দলের নিবন্ধন বাতিল হতে পারে, এমন কোনো কাজ জাতীয় পার্টি করেনি,” বলেন দলটির মহাসচিব।
জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে দাবি তুলেছে, সেটাকে ‘ভ্রান্ত’ হিসেবে মন্তব্য করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি।
সঙ্গে আশা প্রকাশ করেছেন, এই ‘ভ্রান্ত’ দাবির মুখে অন্তর্বর্তী সরকার ‘ভ্রান্ত’ কোনো পদক্ষেপ নেবে না।
যুক্তি হিসেবে তিনি বলছেন, জাতীয় পার্টি এমন কিছু করেনি যে, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে।
রোববার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে কয়েকটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে শামীম হায়দার পাটোয়ারি এসব কথা বলেন।
গত শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে সংঘর্ষে জড়ায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদ।
গণঅধিকার পরিষদের অভিযোগ, ওই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দলের সভাপতি নুরুল হক নুরসহ অন্যান্য নেতাকর্মীকে লাঠিপেটা করে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘মব’ থামাতে গিয়ে তারা বলপ্রয়োগে বাধ্য হয়েছিল।
সেদিনের ঘটনার পর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তোলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ তোলেন কেউ কেউ।
এমন প্রেক্ষাপটে রোববার আলোচনার জন্য বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিকে যমুনায় ডেকে পাঠান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
সেই বৈঠকেও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে জামায়াতে ইসলামী ও এনসিপি।
এ প্রসঙ্গে জানতে চাইলে শামীম হায়দার পাটোয়ারি বলেন, “এই মুহূর্তে অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছেন। জাতীয় পার্টি কখনও সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি, তাই সন্ত্রাসবিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করার আইনি দাবি উঠতে পারে না।”
জাপা মহাসচিব বলেন, “আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী, যেসব কাজ করলে একটি দলের নিবন্ধন বাতিল হতে পারে, এমন কোনো কাজ জাতীয় পার্টি কখনো করেনি। জাতীয় পার্টির বিরুদ্ধে এমন কোনো অভিযোগও নেই।
“যারা নিষিদ্ধের দাবি তুলেছে, তাদের এ দাবি অযৌক্তিক। এমন দাবিতে আমরা ভীত নই। আমরা আশা করছি, ভ্রান্ত দাবির মুখে সরকার ভ্রান্ত পদক্ষেপ নেবে না।”
শামীম হায়দার পাটোয়ারী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “সবাই প্রস্তুত থাকুন। কোনো আঘাত এলে জবাব দিতে হবে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশে করব। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।”
