আগুন নিয়ে খেলবেন না, বিএনপিকে কাদের
“বিএনপির তর্জন-গর্জন মিডিয়া আর ফেইসবুকে সীমাবদ্ধ, জনগণ সেটা ভালোই জানে।”
‘আগুন নিয়ে খেললে’ এর পরিণতি শুভ হবে না বলে বিএনপিকে সতর্ক করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সেতু ভবনে বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি নেতাদের সরকার হঠানোর আন্দোলনের হুমকির পাল্টায় এই হুঁশিয়ারি দেন মন্ত্রী কাদের।
তিনি বলেন, "আওয়ামী লীগ, সংযমী তবে রাজপথে সতর্কতার সাথে প্রস্তুত রয়েছে। আগুন নিয়ে খেললে এর পরিণতি শুভ হবে না।"
বিএরপিকে তাদের আন্দোলন নিয়ে কাদের বলেন, "বিএনপি বিভাগীয় সমাবেশের ডাক দেওয়া, যে কোনো শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানাই। তবে আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে মানুষের জান-মাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে।”
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে এখন আন্দোলনের নামে সরকার হটানোর চক্রান্তে নেমেছে।
“বিএনপি এখন গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে। গণঅভ্যুত্থান আর আন্দোলনের ভয় বিএনপি গত ১৪ বছর ধরে দেখিয়ে আসছে। বিএনপির তর্জন-গর্জন মিডিয়া আর ফেইসবুকে সীমাবদ্ধ। একথা বাংলাদেশের জনগণ ভালোই জানে।”
কাদের দাবি করেন, দেশে গণঅভ্যুত্থানের মতো ‘বস্তুগত পরিস্থিতি’ নেই।
