Published : 09 Jun 2026, 08:05 PM
রাজধানীর বিভিন্ন থানায় করা মামলার আরেকটিতে জামিন পেয়েছেন আওয়ামী লীগের সরকারের সাবেকমন্ত্রী দীপু মনি।
একই সঙ্গে আরও সাতটিতে তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ এ আদেশ দেয়।
শুনানির পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, শুনানিতে দীপু মনির মোট আটটি মামলার বিষয়ে আদেশ হয়েছে। এর মধ্যে সাতটিতে আদালত রুল জারি করেছে এবং একটিতে জামিন দিয়েছে।
এ আদেশের পর দীপু মনির বিরুদ্ধে থাকা মামলা ও জামিনের হিসাব দিয়ে তিনি বলেন, দীপু মনির বিরুদ্ধে থাকা ১৫টি মামলার মধ্যে দুইটিতে জামিন পাওয়া গেছে এবং ১৩টিতে রুল জারি রয়েছে।
এর আগে গত সপ্তাহে একটি মামলায় জামিন পেয়েছিলেন এবং ৬টিতে রুল হয়েছিল।
মামলাগুলোর বিবরণ দিয়ে এই আইনজীবী বলেন, “আজকে আদালতে যে আটটি মামলার বিষয়ে আদেশ হয়েছে, তার মধ্যে তেজগাঁওয়ের একটি, কাকরাইলের একটি, পল্টনের দুইটি এবং যাত্রাবাড়ীর চারটি মামলা।”
গাজী ফয়সাল বলেন, হত্যা, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার অভিযোগসহ বিভিন্ন অভিযোগে দীপু মনির বিরুদ্ধে প্রায় ৭০টি মামলা রয়েছে। সেগুলোর গ্রেপ্তার দেখানো হয়েছে ৩৮টিতে।
ঢাকার বাইরে চাঁদপুরেও একাধিক মামলাতে তাকে আসামি করা হয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী দীপু মনিকে ২০২৪ সালের ১৯ অগাস্ট সন্ধ্যায় রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর হত্যা ও নাশকতার অভিযোগে একাধিক মামলায় তাকে আসামি করা হয়। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন।
এদিকে মানবিক বিবেচনায় দীপু মনিকে সাত দিন প্যারোলে মুক্তি দিতে গত ২৭ মে আবেদন করেন তার মেয়ে তানি দীপাবলী নাওয়াজ।
তার বাবা তৌফীক নাওয়াজ বর্তমানে মারাত্মক শারীরিক অসুস্থতায় ভোগায় মায়ের প্যারোরে মুক্তি চেয়ে তানি দীপাবলী মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ আবেদন করেছিলেন।
এক মামলায় দীপু মনির জামিন, বাকি ৬টিতে রুল হাই কোর্টের
শাপলা চত্বর মামলা: দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি