২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

এক মামলায় দীপু মনির জামিন, বাকি ৬টিতে রুল হাই কোর্টের

ঢাকার বাইরে চাঁদপুরেও একাধিক মামলাতে তাকে আসামি করা হয়েছে।

এক মামলায় দীপু মনির জামিন, বাকি ৬টিতে রুল হাই কোর্টের
আদালতে দীপু মনি। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2026, 09:22 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

রাজধানীর বিভিন্ন থানার সাতটি মামলার একটিতে জামিন পেয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী দীপু মনি। 

বাকি ছয়টি মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

বুধবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এ আদেশ দেয়।

দীপু মনির আইনজীবী রমজান আলী শিকদার বলেন, এদিন হাই কোর্টে দীপু মনির মোট সাতটি মামলার শুনানি ছিল। এর মধ্যে মোহাম্মদপুর থানার একটি মামলায় আদালত রুলসহ তার জামিন মঞ্জুর করেছেন। বাকি ছয়টি মামলায় শুধু রুল জারি করা হয়েছে।

যেসব মামলায় রুল জারি হয়েছে, সেগুলো বাড্ডা ও যাত্রাবাড়ী থানার মামলা, যোগ করেন তিনি।

ঢাকার বাইরে চাঁদপুরেও একাধিক মামলাতে তাকে আসামি করা হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী দীপু মনিকে ২০২৪ সালের ১৯ অগাস্ট সন্ধ্যায় রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

পরে তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর হত্যা ও নাশকতার অভিযোগে একাধিক মামলায় তাকে আসামি করা হয়। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন।

এদিকে মানবিক বিবেচনায় দীপু মনিকে সাত দিন প্যারোলে মুক্তি দিতে গত ২৭ মে আবেদন করেন তার মেয়ে তানি দীপাবলী নাওয়াজ।

তার বাবা তৌফীক নাওয়াজ বর্তমানে মারাত্মক শারীরিক অসুস্থতায় ভোগায় মায়ের প্যারোরে ‍মুক্তি চেয়ে তানি দীপাবলী মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ আবেদন করেছিলেন।