২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের সভাপতি গ্রেপ্তার

তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাকে ধরার কথা জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2024, 05:01 PM

Updated : 26 Aug 2026, 11:04 AM

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে গ্রেপ্তার করেছে ঢাকার খিলগাঁও থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ।

শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, গত ১৯ জুলাই খিলগাঁওয়ের মেরাদিয়া বাজার মোড়ে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন আহাদুল ইসলাম নামে একজন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী  সংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলি ছুড়লে আহাদুল আহত হন।

আহত আহাদুল ইসলামকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় গত ১৭ অক্টোবর আহাদুলের বাবা বাকের খিলগাঁও থানায় একটি মামলা করেন।

সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তথ্য ও প্রযুক্তির সহায়তায় নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের ভাষ্য।