২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের পথে এনসিপির জুলাই পদযাত্রা

“যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, সেই অর্জন এখনও খুবই সীমিত,” বলেন আখতার হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 08:40 AM

Updated : 26 Aug 2026, 01:18 PM

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলামোটরে দলীয় কার্যালয়ের সামনে থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

সোমবার রাত ১২টায় এ কর্মসূচি উদ্বোধন করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

পরে নেতাকর্মীরা বাস যোগে রংপুরের পীরগঞ্জের উদ্দেশে যাত্রা করেন। সেখানে মঙ্গলবার সকাল ৯টায় জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারাতের কর্মসূচি রয়েছে। 

এদিন গাইবান্ধার পথসভা ও পদযাত্রা শুরু হবে সকাল ১১টায়, সাদুল্লাপুরে। এরপর পদযাত্রাটি গাইবান্ধা শহীদ মিনারে গিয়ে পথসভা করবে।

রংপুরে পথসভা ও পদযাত্রা শুরু হবে বিকাল ৩টায়, পার্কের মোড় থেকে। সন্ধ্যা ৭টায় কাউনিয়া বাসস্ট্যান্ডে পথসভা কর্মসূচি রেখেছে এনসিপি।

কর্মসূচি উদ্বোধনকালে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “জুলাই বেদনার মাস, জুলাই বিজয়ের মাস। এদেশের মানুষ জাত, ধর্ম, বয়সের ভেদাভেদ ভুলে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দিতে দ্বিধাবোধ করেন নাই। 

“হাজারো শহীদ ও লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণের মাধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের আজ সূচনা লগ্ন শুরু হলো। যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, সেই অর্জন এখনও খুবই সীমিত। যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর উত্থান হয়েছে, তাদের হাত ধরে একটি বৈষম্যহীন বাংলাদেশ অবশ্যই প্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি।”

সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “জুলাই আন্দোলন আমাদের দেখিয়েছে যে- মানুষ যখন মৃত্যুভয়কে উপেক্ষা করে প্রতিবাদী হয়ে রাজপথে নেমে আসে, তখন কোনো স্বৈরাচার টিকতে পারে না।

“আগামী দিনের বাংলাদেশে মানুষের আকাঙ্ক্ষা পুনঃপ্রতিষ্ঠা করতে হলে জুলাইয়ে যে দুই হাজার মানুষ জীবন দিয়েছে, তাদের ত্যাগের কথা আমাদের স্মরণ করতে হবে।”

সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, “এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে যাব। মানুষকে জুলাই আন্দোলনের মর্মবাণী নতুন বাংলাদেশের স্বপ্নের কথা তুলে ধরব।”

জুলাই পদযাত্রায় রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, যুগ্ম সদস্যসচিব আকরাম হুসেইন, জয়নাল আবেদীন শিশিরসহ অন্যরা।