২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতি নয়, বিএনপি নেতারা গ্রেপ্তার ‘অপরাধজনিত কারণে’: আইনমন্ত্রী

বিএনপির সমাবেশ ঘিরে গত ২৮ অক্টোবর সংঘর্ষের ঘটনায় করা বহু মামলায় বিএনপির জ্যেষ্ঠ প্রায় সব নেতাই আসামি। পরদিন থেকেই শুরু হয় গ্রেপ্তার অভিযান।

রাজনীতি নয়, বিএনপি নেতারা গ্রেপ্তার ‘অপরাধজনিত কারণে’: আইনমন্ত্রী

গত এক সপ্তাহে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় অনেক নেতাই গ্রেপ্তার হয়েছেন। আত্মগোপনে আছেন অন্যরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2023, 04:15 PM

Updated : 06 Nov 2023, 12:27 AM

রাজনৈতিক কারণে নয়, অপরাধজনিত কারণেই বিএনপি নেতাদের ধরা হচ্ছে বলে আইনমন্ত্রী আনিসুল হক দাবি করেছেন।

বিএনপি নেতাদের ধরপাকড় নিয়ে রোববার সচিবালয়ে এক প্রশ্নে তিনি আরও বলেন, “আমার মনে হয় এই প্রশ্নের জবাবটা সঠিকভাবে যে জায়গায় পাবেন সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

“উনাদেরকে (বিএনপি নেতা) রাজনৈতিক কারণে ধরা হয়নি, উনাদেরকে অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে, রাজনীতির সাথে এটার কোনো কানেকশন নেই।”

গত ২৮ অক্টোবর সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে।

এসব মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, জহিরউদ্দিন স্বপন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীসহ শত শত নেতাকর্মীদের আটক করা হয়েছে। আত্মগোপনে আছেন আরও শত শত নেতাকর্মী।

এর মধ্যে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত সপ্তাহে এক দিন হরতাল ও তিন দিন অবরোধের পর চলতি সপ্তাহে টানা ৪৮ ঘণ্টা অবরোধ চলছে। কর্মসূচি আরও বাড়বে বলেও ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।

এই হরতাল ও অবরোধ শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই সারা দেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী।

সেই বৈঠকে কী আলোচনা- সে প্রশ্নে আনিসুল হক বলেন, “আইজিপি সাহেব সৌজন্য সাক্ষাতের জন্য এসেছিলেন, আমরা আমাদের সকল বিষয়াদি নিয়ে আলোচনা করেছি।”

বিএনপির নেতাদের নামে মামলা নিয়ে কথা হয়েছে কি না, সেই প্রশ্নের কোনো জবাব দেননি আইনমন্ত্রী।