জুলাই নিয়ে ‘চেতনার ব্যবসা’ যেন না হয়: সালাহউদ্দিন
“আমরা শুধু একটা শক্তিকেই স্বীকৃতি দেব। সেটা হচ্ছে—ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য,” বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
জুলাই অভ্যুত্থান নিয়ে যেন ‘চেতনার ব্যবসা’ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলছেন, দেশের সব শ্রেণী-পেশার মানুষ, সব ধর্মের মানুষ ‘ফ্যাসিবাদের’ বিরুদ্ধে লড়াই করেছে; রক্ত দিয়েছে; শহীদ হয়েছে।
“সুতরাং এটা নিয়ে আমরা যেন কেউ রাজনীতি না করি। কেউ যদি মনে করে যে, আমরা জুলাইয়ের একমাত্র ধারক-বাহক, তাহলে আবার জাতির মধ্যে সেই বিভক্তি চলে আসবে।“
তিনি বলেন, “আমরা শুধু একটা শক্তিকেই স্বীকৃতি দেব। সেটা হচ্ছে—ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য।”
শনিবার সন্ধ্যায় ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে শায়খুল হাদিস পরিষদের জাতীয় সম্মেলনে এসব কথা বলেন সালাহউদ্দিন।
জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়। দাফন হয়েছে দিল্লিতে। কিন্তু মুরদা এখন ফাটকা আওয়াজ করতেছে।
“অথচ এখন পর্যন্ত তাদের ভেতরে অনুশোচনা আসে নাই। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ এবং তার দোসররা কোনো ক্ষমা প্রার্থনা করে নাই। উল্টা স্পর্ধা দেখাচ্ছে। তারা আবার বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখে।”
সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের বিষয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেন সবাই বাংলাদেশের পক্ষে রাজনীতি করি। আমরা স্লোগান দেই, সবার আগে বাংলাদেশ। সবাই যেন এটা আমরা বুকে ধারণ করি। আমাদের বিদেশে কোনো প্রভু থাকবে না; বন্ধু থাকতে পারে।
“আওয়ামী লীগের বিদেশে প্রভু ছিল বলেই আজ আমাদের সেই গোলামের অবস্থা হয়ে গিয়েছিল। সেই জিঞ্জির আমরা ভাঙতে চাই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে আমরা যদি সমুন্নত রাখি, এই দেশে কোনো দিন কোনো শক্তি গণতন্ত্রকে বিনাশ করার সাহস পাবে না।”
এ বিএনপি নেতা বলেন, “যে রাজনীতির মধ্য দিয়ে দেশের গণতন্ত্র হত্যা করা হয়েছে, দেশের লাখ লাখ মানুষকে নির্যাতন করা হয়েছে, হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে, গুম করেছে, সেটা রাজনীতি হতে পারে না।
“আওয়ামী লীগের রক্তে কোনো দিন গণতন্ত্র ছিল না। তাদের ডিএনএর মধ্যেই গণতন্ত্র নাই। তাদের জন্ম থেকে এই পর্যন্ত বাংলাদেশের পক্ষে রাজনীতি করে নাই। তারা যাদের পক্ষে কাজ করেছে, তারা আজ তাদের আশ্রয় দিয়েছে।”
জাতীয় ঐকমত্য কমিশন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সবাই এক জায়গায় এসেছি। কেউ কেউ আমরা দুই-একটা বিষয়ে ভিন্নমত পোষণ করেছি। এটা একটা ইতিহাস। জাতীয় জীবনে শুধুমাত্র ফ্যাসিবাদ বাদে বাকি সব গণতান্ত্রিক শক্তি আমরা একসঙ্গে বসে দিনের পর দিন মাসের পর মাস আলোচনা করছি। এটাই তো একটা গণতন্ত্রের বিজয়যাত্রা।
হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বলতে চাই, সংগীত শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে জারি করতে হবে।
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “দেশে যে সময়ে ইসলামের কথা বলায় মানুষকে একটা অস্বাভাবিক পরিবেশের মধ্য দিয়ে যেতে হয়েছে, দেশের সাধারণ মুসলমানরা যখন ধর্ম পালন করে, সেটার সাধারণ কিছু চিহ্ন, সেগুলোকে যখন জঙ্গিবাদের আলামত হিসেবে প্রচার-প্রচারণা করা হয়েছে, যখন দেশের আলেম-ওলামাদের দিনের পর দিন জেলখানায় আটকে রাখা হয়েছে, নানা হামলা-মামলা, নির্যাতন ও রিমান্ডে নেওয়া হয়েছে, ঠিক সেই সময়টাতে সাহস করে যে সংগঠনটা দাঁড়ায়, ছিল সেটা হেফাজতে ইসলাম।”
অনুষ্ঠানে হেফাজতে ইসলামীর আমির মহিবুল্লাহ বাবুনগরী ও শায়খুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হকও উপস্থিত ছিলেন।
