২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের সঙ্গে বৈঠকে জামায়াত

এ বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা। এর আগে বিএনপির সঙ্গে আলোচনা করেন তিনি।

ইউনূসের সঙ্গে বৈঠকে জামায়াত
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার রাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধিরা। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2025, 08:41 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

হঠাৎ পাল্টে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছেন মুহাম্মদ ইউনূস।

শনিবার রাতে বিএনপির পর জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাত সাড়ে ৮টার পর এ বৈঠক শুরু হয়।

জামায়াতের আমির শফিকুর রহমান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে রয়েছেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বৈঠকে যোগ দেওয়ার আগে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, ‘‘দেশের সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে এসেছি।’’

এর আগে রাত পৌনে ৮টায় খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

জামায়াতের পর রাতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বসবেন ইউনূস।

ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য, বিভিন্ন বিষয়ে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতভিন্নতা; সেই সঙ্গে প্রধান উপদেষ্টার ‘পদত্যাগের ভাবনা’– সব কিছু মিলিয়ে রাজনীতিতে তৈরি হওয়া অস্থিরতার মধ্যে এসব বৈঠক করছেন অন্তর্বর্তী সরকার প্রধান।

এ দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ধারাবাহিকতায় রোববারও কয়েকটি দলের সঙ্গে বসবেন তিনি। শনিবার ব্কিালে অন্য কিছু দলের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হলেও ওই সময় দলগুলোর নাম ঠিক হয়নি।

জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কার ও জুলাই ঘোষণা, আওয়ামী লীগ নিষিদ্ধ করাসহ বেশ কিছু বিষয়ে কয়েক সপ্তাহ ধরে অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে মতানৈক্য চলছিল।

তার আগে ‘মব’ সৃষ্টি করে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, ডাকাতির মত ঘটনাতেও সরকার সমালোচিত হয়েছে।

দাবি আদায়ের মিছিলগুলো দিনে দিনে যমুনায় সরকারপ্রধানের বাসভবনের দরজায় কড়া নাড়ছিল। যমুনার সীমানা দেয়ালের কাছাকাছি স্থানে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা ভঙ্গ করে বিক্ষোভ চলেছে দিনরাত।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ইউনূসের ‘পদত্যাগের ভাবনা’ সামনে এলে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ আরও প্রকট হয়ে ওঠে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ তোলেন, দেশে আরেকটি এক-এগারোর পাঁয়তারা চলছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসনেকে শপথ পড়ানোর দাবিকে ঘিরে আন্দোলনের মধ্যে সরকারের তিন উপদেষ্টা- ওয়াহিদউদ্দিন মাহমুদ, সালেহউদ্দিন আহমেদ ও আসিফ নজরুলের পদত্যাগের দাবি তোলে এনসিপি।

অন্যদিকে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পাশাপাশি ইউনূসের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমানকে সরিয়ে দেওয়ার দাবি তোলে বিএনপি।

জুলাই আন্দোলনের ‘প্রধান শরিকদের’ এমন বিরোধের মধ্যে রাজনৈতিক দলগুলোকে ডাকলেন প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন:

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপি

সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জামায়াতের

আরেকটা এক-এগারোর 'পাঁয়তারা চলছে': নাহিদ

রাতে বিএনপি-জামায়াতের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

ইউনূসের পদত্যাগের গুঞ্জন: কী ছিল তৈয়্যবের ফেইসবুক পোস্টে

পদত্যাগের কথা 'ভাবছেন' ইউনূস: নাহিদ

গুজবে বিভ্রান্ত না হতে সেনাবাহিনীর আহ্বান

সেনাপ্রধান আসলে কী বলেছেন?

গুঞ্জনের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদের আধা ঘণ্টার সাক্ষাৎ