০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জামায়াতের

জরুরি বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন জামায়াত নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2025, 11:30 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

দেশের বর্তমান পরিস্থতিতে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বৃহস্পতিবার জামায়াতের এক বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার পর প্রধান উপদেষ্টার প্রতি এই আহ্বান জানানো হয় বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এদিন বিকালে ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি বৈঠক হয়। 

আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোরালো দাবি জানিয়ে আসছে বিএনপি। এ নিয়ে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিয়ে আসছেন।

এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন চলেছে, যা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনের নেতাদের দল এনসিপির মধ্যে কথার লড়াই চলছে।

এনসিপি নেতারা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কমিশন পুনর্গঠন করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। তবে বিএনপি এর বিরোধিতা করে দ্রুত সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছে।

বিএনপি নেতা ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর আন্দোলন থেকে অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করা হয়। বিএনপিও জরুরি সংবাদ সম্মেলন করে এই দুই উপদেষ্টাকে অব্যাহিত দেওয়ার দাবি জানিয়েছে। তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানেরও অব্যাহিত চেয়েছে দলটি।

অন্যদিকে এনসিপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা আসিফ নজরুল, সালেহউদ্দিন আহমেদ ও ওয়াহিদ উদ্দিন মাহমুদের পদত্যাগ দাবি করা হয়েছে। তাদের ‘বিএনপির মুখপাত্র’ হিসেবে আখ্যায়িত করেছে দলটি।

বিএনপি ও এনসিপির এমন দাবি ও পাল্টা দাবির মধ্যে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলেছেন বলে সংবাদমাধ্যমে খবর এসেছে।

এ পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানালেন জামায়াতের আমির।