হাসিনার পদত্যাগ নিয়ে ‘অপচিন্তাকারীদের’ হুঁশিয়ার করলেন সারজিস
“বিগত তিনটি নির্বাচনে নির্বাচনের নামে ভণ্ডামি হয়েছে। এই তিনটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে পারে," বলেন তিনি।
শেখ হাসিনার পদত্যাগ নিয়ে যারা ‘অপচিন্তা’ করছেন, তাদের হুঁশিয়ার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
তিনি বলেছেন, “রাষ্ট্রপতি বলেছেন, শেখ হাসিনার রিজাইন পেপার দেখেননি। যারা দেখেও না দেখার ভান করছেন, তাদের বলতে চাই, আদালত, সচিবালয়সহ বিভিন্ন অফিস থেকে অনেক কিছু চিন্তা করেছিল।
“এমন যারা অপচিন্তা করছেন, তাদের হুঁশিয়ার করে দিতে চাই, কেউ যদি খুনিদের পুনর্বাসনের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আবার ছাত্র-জনতা রাজপথে নামবে।”
সোমবার ঢাকার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে 'ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ ও গণহত্যায় জড়িতদের নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রতিনিধিত্বশীল নির্বাচনব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে' আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ অগাস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা, যার মধ্য দিয়ে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শেখ হাসিনার পদত্যাগের খবর দেন। সেদিন রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও বলেন, ”প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এবং আমি তা গ্রহণ করেছি।”
এরপর সুপ্রিম কোর্টের মতামত নিয়ে নোবেলবিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেই সরকারের শপথ পড়ান।
তার আড়াই মাসের মাথায় গত ১৯ অক্টোবর মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ‘কোনো দালিলিক প্রমাণ’ তার কাছে নেই।
সেই প্রসঙ্গ ধরে গোলটেবিল বৈঠকে সারজিস আলম বলেন, “জাতীয় পার্টি শুধুমাত্র বিরোধী দলের কিছু সুবিধা নেওয়ার জন্য গত নির্বাচনকে বৈধতা দিয়েছে। প্রত্যেকটি হত্যা এবং খুনের বিচার হতে হবে। নির্বাচনের পরিকল্পনায় আওয়ামী লীগ কীভাবে আসে?
“বিগত তিনটি নির্বাচনে নির্বাচনের নামে ভণ্ডামি হয়েছে। এই তিনটি নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে পারে।"
২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে তিনটি নির্বাচনকে ‘অবৈধ ও প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে, নির্বাচন পরিচালনাকারী নির্বাচন কমিশন (ইসি) এবং প্রশাসনের যেসব কর্মকর্তা ‘কুশীলব’ ছিল, তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, “আওয়ামী সরকার নির্বাচন কমিশন এবং প্রশাসনকে ব্যবহার করে তিনটি একতরফা, ভুয়া, পাতানো ও ডামি নির্বাচনের মাধ্যমে তারা তাদের ‘অবৈধ ক্ষমতাকে' দীর্ঘায়িত করেছে। যারা তাদের এসব ‘অবৈধ ও প্রহসনের নির্বাচনে' সহযোগিতা করে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় থাকার সুযোগ করে দিয়েছে, তারাও সমান অপরাধী।”
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, “এবারের আন্দোলনে ছাত্রদের পাশাপাশি জনগণ ব্যাপকভাবে অংশ নিয়েছেন। প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে। কিন্তু বিগত সময়ে ডিএনএ টেস্ট করে ছাত্রলীগের লোকজন বিসিএস কাড্যার বানানো হয়েছে। প্রশাসন থেকে জেলা পর্যায়ে সব জায়গায় আওয়ামী লোকজন বসে রয়েছে। তাই এরা থাকলে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। এদের প্রশাসন রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।”
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “পুরাতন নির্বাচন ব্যবস্থা যেটা ধ্বংস হয়ে গেছে এই সরকার নিশ্চয় সেই ব্যবস্থাকে ঠিক করবে। সংস্কারের বিষয়ে বিভিন্ন দল বিভিন্ন প্রস্তাব দিচ্ছে। কিন্তু আমাদের একটা ঐকমত্যে পৌঁছাতে হবে।"
জামায়াতে ইসলামী বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “আমরা যে ১০ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি সেখানেও পিআর (সংখ্যানুপাতিক পদ্ধতি) নির্বাচনের প্রস্তাব আছে। পরাজিত শক্তির কিছু ভোট ব্যাংক আছে। তাই তারা কিছু সিট পাবে। এর মাধ্যমে কি আমরা তাদের গ্রহণ করছি? প্রচলিত পদ্ধতিতে নির্বাচনেও যদি তারা আসে তাহলে তারা কিছু আসন পাবে। সুতরাং বিষয়টি আমাদের অন্যভাবে সুরাহা করতে হবে।
“আওয়ামী লীগ যেহেতু গণতান্ত্রিক শক্তি নয়, তাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের অংশগ্রহণের কোন সুযোগ নেই।”
এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, “বাংলাদেশের মানুষ সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন চায়। কিন্তু মানুষ শুধু ক্ষমতার পরিবর্তন চায় না, মানুষ যানজটমুক্ত রাস্তা, দ্রব্যমূল্যের দামের পরিবর্তন চায়।”
গণফোরাম সমন্বয় কমিটির কো-চেয়ারম্যান সুব্রত চৌধুরী বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে পাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করা হয়েছে। এই সরকারকে বেশি দাবি-দাওয়া দিয়ে চাপাচাপি করা যাবে না।"
১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, “দেশে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে এবং সেই অনুযায়ী নির্বাচন আয়োজন করতে হবে। সংখ্যানুপাতিক পদ্ধতি আমাদের প্রয়োজন, তবে এখন নয়।”
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “ব্যক্তি ও ফ্যাসিজমের বিরুদ্ধে ছাত্র-জনতা এখনো রক্ত দিতে প্রস্তুত রয়েছে। আগামী দিনে কোনো দল ফ্যাসিস্ট হয়ে উঠলে আবারও বাংলাদেশ রক্ত গঙ্গা বইয়ে যাবে।
“সবাই নির্বাচন চায়, কিন্তু রাষ্ট্রের কি কি পরিবর্তন করবে, তা কেউ বলছে না। আগামী দিনে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নিষিদ্ধ করার ব্যাপার সবাই মিলে সিদ্ধান্ত নিন, আমরা আপনার সঙ্গে আছি।”
জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান বলেন, “নির্বাচন ব্যবস্থা কেমন হবে তা ঠিক করার আগে আমাদের গণহত্যাকারী আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কিনা তা নিশ্চিত হতে হবে।”
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “গণহত্যার দায়ে বিচার না হওয়ার আগে আওয়ামী লীগ ও ১৪ দলসহ তাদের সহযোগী জাতীয় পার্টি কোন নির্বাচনে অংশ নিতে পারবে না। ২০২৫ সালের জুন মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানাচ্ছি।”
ইসলাম আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সঞ্চালনায় অন্যদের মধ্যে জাতীয় পার্টির (কাজী জাফর) একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, শিক্ষাবিদ অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, ইসলামি আন্দোলনের মহাসচিব পিন্সিপাল ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হোসেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুস্তাফিজুর রহমান আলোচনায় অংশ নেন।
