২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মব’ চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন হবে কীভাবে, প্রশ্ন মান্নার

“আগে আমি ঐকমত্য কমিশনের বৈঠকগুলোতে নিয়মিত যেতাম, এখন মনে হয় গিয়ে লাভ নেই।”

‘মব’ চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন হবে কীভাবে, প্রশ্ন মান্নার
সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে নাগরিক ঐক্যের সেমিনারে বক্তব্য রাখেন দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2025, 06:48 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

এভাবে ‘মব’ চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে, প্রশ্ন ‍তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শনিবার দুপরে এক সেমিনারে তিনি বলেন, মব তৈরি করে হামলার ঘটনা আর ‘সহ্য’ করার মত না।

বৃহস্পতিবার সকালে দিকে কুমিল্লার মুরাদনগরে বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ী গ্রামে একটি বাড়িতে মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে কিছু লোক হামলা চালায়। এতে এক নারী ও তার ছেলেমেয়ে নিহত হয়।

বুধবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজা পাওয়া দুই আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে একদল লোকের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

তার আগেও সাম্প্রতিক সময়ে ‘মব’ করে হামলার কয়েকটি ঘটনা ঘটেছে, যা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

‘মব’ নিয়ে কথা বলতে গিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, “বিগত যে তিনটা (সংসদ) নির্বাচন হয়েছে, তাতে মানুষের সামনে মুখ দেখানোর উপায় নেই। পৃথিবীর কাছে আমাদের সন্মান নষ্ট হয়েছে। যদি এই সরকার ভালো একটা নির্বাচন করে যেতে পারে, দেশের সন্মান বাঁচবে।

“কিন্তু কী দেখছি? পাটগ্রামে, ব্রাহ্মণবাড়িয়া, বরিশালে যেভাবে মব চলছে, সেটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে? মব সন্ত্রাস দেশে যে অবস্থা, সাবেক সিইসি নুরুল হুদাকে পারলে বিচার করে ফাঁসি দেয়। তবে আর মব সন্ত্রাস সহ্য করার মত না।”

সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের প্রসঙ্গ টেনে মাহমুদুর রহমান বলেন, “আগে আমি নিয়মিত বৈঠকগুলোতে যেতাম, এখন মনে হয় গিয়ে লাভ নেই। অনেক বিষয়েই এমন মতভেদ তৈরি হয়েছে যে আমি জানি না কীভাবে নিষ্পত্তি হবে?

“ঐকমত্য না হলে অধ্যাপক ইউনুস বলেছেন, কিছু চাপিয়ে দেবেন না। তাহলে সংস্কার হবে কীভাবে? এক বছর তো কিছুই করতে পারেননি। বড় দল বা মাঝারি দল আপত্তি করলে সেখানেও যেতে পারেন না। এরকম পরিস্থিতিতে আমার যেটা মনে হয়, সবচেয়ে বড় সংস্কার একটা ভালো নির্বাচন।”

সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে নাগরিক ঐক্যের উদ্যোগে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ কতটুকু সুরক্ষা দেয়’ শীর্ষক এই সেমিনার হয়।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “এদেশে মানুষ আর কত জীবন দেবে, আর কত লড়াই করবে? 

“মানুষ প্রাইমারি স্কুল থেকে হাইস্কুলে ওঠে, হাইস্কুল থেকে কলেজে যায়, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যায়, ধীরে ধীরে মানুষ উন্নত হয়। ধীরে ধীরে মানুষের পরিবর্তন হয়, ইতিবাচক পরিবর্তন।”

দেশের রাজনৈতিক পরিস্থিতিকে সাপ-লুডু খেলার সঙ্গে তুলনা করে তিনি বলেন, “আমরা বারবার যেন সাপ-লুডুর মতো অনেকদূর আগে যাই আবার সাপে কেটে নিচে চলে আসি, আবার আগানোর চেষ্টা করি এটা, গ্রহণযোগ্য নয়। এভাবে আর কতদিন।”

মান্না বলেন, “নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশে বলা হয়েছে, অতীতে যারা কিছু অপরাধে শাস্তি পেয়েছিলেন তারা মুক্তি পাবেন, শাস্তি বাতিল হবে। কিন্তু একই সঙ্গে আইনেই আবার এমন ধারা রাখা হয়েছে, যার মাধ্যমে ভবিষ্যতে আবার ওই একই অভিযোগে কাউকে গ্রেফতার করা যাবে, শাস্তি দেওয়া যাবে।”

“এর চেয়ে বড় অযৌক্তিকতা আর কী হতে পারে? এটা পরস্পর সাংঘর্ষিক।”

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ বিষয়ক সম্পাদক দিদারুল ভূঁইয়া, এনসিপির ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়ক আকরাম হুসাইন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভয়েস ফর রিফর্মের সহ-আহ্বায়ক ফাহিম মাশরুর।