Published : 24 Aug 2026, 03:30 PM
বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিরুল আলম মিলনকে বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম সোমবার শুনানি শেষে পল্টন মডেল থানার এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগের এসআই মো. তোফাজ্জল হোসেন এ মামলায় মিলনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন।
মকবুল হত্যা মামলার এজাহারে আসামির তালিকায় ৯৯ নম্বরে মিলনের নাম রয়েছে।
মিলনকে ২০২৫ সালের মে মাসে রাজধানী থেকে গ্রেপ্তার করে ডিবি। সে সময় যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিল আদালত।
মকবুল হত্যা মামলার এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযান ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ওই সময় কার্যালয়ের পাশে থাকা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি ওই ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পল্টন মডেল থানায় মামলা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে সেখানে আসামি করা হয়।