কোটা: নিহতদের তালিকা করতে নিরপেক্ষ কমিশন চায় জাতীয় পার্টি
শিক্ষার্থীদের নামে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছে দলটি।
নিরপেক্ষ কমিশন গঠন করে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের তালিকা করার দাবি জানিয়েছে জাতীয় পার্টি।
রোববার দুপুরে বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দলের জরুরি যৌথ সভায় এ দাবি জানানো হয়।
একই সঙ্গে আন্দোলনের সময় রংপুরে নিহত আবু সাঈদসহ অন্য নিহতদের মামলার এজাহারে প্রকৃত মৃত্যুর কারণ না দিয়ে ‘মিথ্যা এজাহার’ দায়েরের নিন্দা জানানোর কথা তুলে ধরেন দলের মহাসচিব মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে যৌথ সভায় অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন।
বিকালে সভার ১১ দফা দাবি সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন চুন্নু।
এসব দাবির মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হয়রানি বা নির্যাতন না করার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের নামে দায়ের করা সব মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়।
পাশাপাশি কোটাবিরোধী ছাত্র আন্দোলনে গ্রেপ্তার সব ছাত্র ও নেতাদের নেতৃবৃন্দকে অনতিবিলম্বে মুক্তির দাবি করা হয়।
চুন্নু সাংবাদিকদের বলেন, সরকারি বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের দায় স্বীকার করে চলে যাওয়া উচিৎ। কোনো মন্ত্রী বা এমপির বাড়িতে তো হামলা হয়নি। সেখানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সরকারি স্থাপনাগুলো রক্ষায় তাদের কোনো উদ্যোগ ছিল না।
আন্দোলনরতদের গ্রেপ্তারের নামে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার বাণিজ্য চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য, কোটা সংস্কার আন্দোলন একটি অরাজনৈতিক ও অধিকার আদায়ের আন্দোলন হলেও এটি আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ আন্দোলন ছিল না। এক পর্যায়ে এটি ছাত্র জনতার আন্দোলনে রূপ নিয়েছিল। দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা, গণতন্ত্রহীনতায় মানুষের মধ্যে একটি চাপা ক্ষোভ বিরাজ করছিল। শিক্ষার্থীদের অহিংস আন্দোলনের উপর অত্যাচার শুরুর পর থেকে তাদের রক্ষা করার জন্য জনগণর তাদের সঙ্গে নেমে পড়ে।
চুন্নুর অভিযোগ, অসংখ্য ছাত্রকে হত্যা করা হয়েছে। আহত হয়েছে তার চেয়ে অনেক বেশি। এমন স্বতঃস্ফুর্ত আন্দোলন অতীতে আর হয়নি। এমন বর্বর ও নিপীড়নমূলক হত্যাকাণ্ড জাতি কখনও প্রত্যক্ষ করেনি। যার কারণে এ আন্দোলনে স্কুলের ছাত্র থেকে শুরু করে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ করতে দেখা যায়।
তিনি বলেন, সভায় শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন দেওয়া হয়। সেই সঙ্গে চলমান অহিংস ছাত্র আন্দোলনের প্রতি জাতীয় পার্টির সমর্থন অব্যাহত থাকবে।
সভায় উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর, সাইফুদ্দিন আহমেদ মিলন, শামীম হায়দার পাটোয়ারী, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু, সৈয়দ মো. আব্দুল মান্নান, নাসরিন জাহান রতনা, সৈয়দ দিদার বখত্, নাজমা আখতার, মো. আতিকুর রহমান আতিক ও শেরীফা কাদের।
