শনিবার বসছে বিএনপির সংসদীয় দল
একজন সংসদ সদস্য বলেন, “বৈঠকে অধ্যাদেশ এর বিষয় নিয়ে আলোচনা হতে পারে।”
ঈদের বিরতির পর সংসদ বসার আগে সংসদীয় দলের সভা ডেকেছে ক্ষমতাসীন দল বিএনপি।
শনিবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এ বৈঠক শুরু হবে বলে সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা জানিয়েছে।
শপথ গ্রহণের পর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে ‘শুল্কমুক্ত গাড়ি ও প্লট না’ নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এরপর দ্বিতীয় সভাটি হয় স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের আগে।
সরকারি দলের একজন সংসদ সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটি পর্যালোচনা করেছে, কিছু বিষয়ে সিদ্ধান্তও নিয়েছে। আগামীকালের বৈঠকে অধ্যাদেশ এর বিষয় নিয়ে আলোচনা হতে পারে।”
আগামী ২ এপ্রিলের মধ্যে অধ্যাদেশের বিষয়ে বিশেষ কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।
সংসদ অধিবেশন আবার শুরু হবে ২৯ মার্চ, চলতি অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
